রাজশাহীতে গভীর রাতে কনস্টেবলের ওপর চোরাগোপ্তা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চোরাগোপ্তা হামলা চালিয়ে শরিফুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলকে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীদের ধরতে রাতেই এক বাসায় অভিযান চালালে মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল হাসনাতকে বাঁশ দিয়ে পেটান দুই নারী। পরে ওই দুই নারীকে মারধর করে পুলিশ।ঘটনার পর পুলিশের দুই সদস্য ও ওই দুই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় পুলিশ। অবস্থার অবনতি হওয়ায় কনস্টেবল শরিফুলকে ঢাকায় পাঠানো হয়েছে। হামলাকারী সন্দেহে ২২ জনকে আটক করেছে মতিহার ও বোয়ালিয়া থানার পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার এস এম মনিরুজ্জামান অভিযোগ করেন, ‘হামলার ধরন দেখে মনে হচ্ছে, জামায়াত-শিবিরই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।’কনস্টেবল শরিফুলের বাঁ ঊরু ধারালো অস্ত্র দিয়ে চিরে ফেলা হয়েছে। পিঠে পাঁচ-ছয়টি গুরুতর জখম রয়েছে। এসি আবুল হাসনাতের মাথার সামনে, পেছনে ও দুই হাতে আঘাত করা হয়েছে। তাঁর বাঁ হাতে সেলাই দেওয়া হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান বলেন, কনস্টেবল শরিফুলের ঊরুর বেশ কিছু শিরা কেটে গেছে। এখানে তাঁর চিকিৎসার ব্যবস্থা নেই। এ জন্য তাঁকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজে (এনআইসিভিডি) পাঠানো হয়েছে। আর আবুল হাসনাত রাজশাহীর চিকিৎসাতেই সুস্থ হবেন। তিনি আশঙ্কামুক্ত।পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বাংলাদেশ বেতারের রাজশাহী সম্প্রচার কেন্দ্র। ওই কেন্দ্রের সংরক্ষিত এলাকায় পুলিশের একটি ক্যাম্প রয়েছে। ক্যাম্প থেকে কেন্দ্রের সামনের দরজাটি প্রায় ১০০ গজ দূরে। রাত পৌনে ১১টা পর্যন্ত একজন কনস্টেবল ওই দরজার বাইরে একটি টুলে বসে দায়িত্ব পালন করেন। এর পর কলাপসিবল গেটের ভেতরে অপর একটি টুলে বসে থাকেন।পুলিশ ক্যাম্পের নায়েক রমেশ কুমার ঘোষ বলেন, রাত দুইটার দিকে পালাবদল হয়। তখন ক্যাম্প থেকে অস্ত্র নিয়ে পালার দায়িত্ব পালনের জন্য সম্প্রচার কেন্দ্রের প্রধান দরজার দিকে যাচ্ছিলেন কনস্টেবল শরিফুল। এ সময় রাস্তার পাশে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।রমেশ বলেন, শরিফুলের চিৎকার শুনে ক্যাম্পে কর্তব্যরত কনস্টেবলরা ছুটে যান। আর তিনি ক্যাম্পের অস্ত্রাগারের দায়িত্বে থাকেন। পুলিশ সদস্যদের আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যান। পরে শরিফুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তা থেকে খানিকটা দূরে একটি কাঁঠালগাছের নিচে মাটিতে জমাট রক্ত। পাশেই শরিফুলের ব্যাজ লাগানোর অংশটি পড়ে আছে। পুলিশের ধারণা, শরিফুলকে রাস্তা থেকে তুলে নিয়ে মাটিতে ফেলে আঘাত করা হয়েছে। মাটিতে হামলাকারীদের সঙ্গে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে।সন্দেহভাজন হামলাকারীদের ধরতে ভোর চারটার দিকে অভিযান চালায় পুলিশ। সহকারী কমিশনার আবুল হাসনাতের নেতৃত্বে পুলিশের একটি দল সম্প্রচার কেন্দ্রের পেছনে ধরমপুর কড়ইতলা আলমের মোড়ে একটি বাড়িতে অভিযান চালায়। উদ্দেশ্য, বাড়ির রাজিব ও তাঁর ভাই সবুজকে গ্রেপ্তার করা। পুলিশ জানায়, ঘরের দরজায় তালা লাগিয়ে বারান্দায় শুয়ে ছিলেন রাজিব ও সবুজের বাবা-মা। পাশে ছিলেন তাঁদের খালা। পুলিশ গেলে তাঁদের সঙ্গে বাগিবতণ্ডা করে রাজিবের মা ও খালা। এরই ফাঁকে ঘরের বেড়া ভেঙে পালিয়ে যান রাজিব ও সবুজ। পুলিশ তাঁদের ধরতে গেলে রাজিবের মা ও খালা বাঁশ দিয়ে এসি আবুল হাসনাতকে পেটান। পরে অন্য পুলিশ সদস্যদের পিটুনিতে আহত হন ওই দুই নারী। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।মতিহার থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, দুই পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। হামলায় জড়িত সন্দেহে ১৮ জনকে আটক করা হয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় আমরা চারজনকে আটক করেছি।’