রাজশাহীতে গ্যাস নিয়ে আশা-নিরাশার দোলাচল
রাজশাহীতে তাড়াহুড়ো করে বিশিষ্ট কয়েকজন ব্যক্তির বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়ার ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, তাঁদের জন্য এই গ্যাস পাওয়া খুব সহজ হবে না। সংযোগ-প্রক্রিয়া শুরু হওয়ায় অনেকে আবার গ্যাস পাওয়ার ব্যাপারে আশাবাদী। এভাবে গ্যাস নিয়ে আশা-নিরাশার দোলাচলে রয়েছে রাজশাহী নগরের মানুষ।আজ মঙ্গলবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এ সময় তাঁর কাছে দীর্ঘ প্রতীক্ষার গ্যাস শেষ পর্যন্ত ভিআইপিদের হয়ে যাচ্ছে কি না—এমন প্রশ্ন রাখা হয়।জবাবে খায়রুজ্জামান বলেন, ‘নগরের কিছু বিশিষ্ট মানুষের বাড়িতে প্রথম সংযোগ দিয়ে এর উদ্বোধন করা হয়েছে। এটা চলমান প্রক্রিয়া। উদ্বোধনের পর থেকে গ্যাসের সংযোগ নিয়মিতই চলতে থাকবে। এ নিয়ে নগরবাসীর হতাশার কিছু নেই।’ নগরের রামচন্দ্রপুর কালুমিস্ত্রির মোড় এলাকার গৃহিণী আলিয়া রুপি বলেন, ‘৬ জুন রাজশাহীতে আবাসিক গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছে। আর শুরুতে এই সংযোগ পাচ্ছেন নির্বাচিত কিছু ভিআইপি। এতে আমি রাজশাহী সিটি করপোরেশনের একজন নাগরিক হিসেবে খানিকটা হতাশ হয়েছি। মনে হচ্ছে, নির্বাচন উপলক্ষেই তড়িঘড়ি করে এই সংযোগের উদ্বোধন করা হচ্ছে। গ্যাসের জন্য দীর্ঘদিন অপেক্ষার পর আমরা এই তোড়জোড় চাইনি।’ নগরের একজন চাকরিজীবী শিরিন আক্তার জাহান বলেন, ‘পর্যায়ক্রমে সবাইকে সংযোগ দিতে হবে। একবারে তো আর সবাইকে দিতে পারবে না। আমরা খুব আশা করছি, সংযোগ দেওয়া যখন শুরু হয়েছে, আমরা গ্যাস পাব।’নগরের রামচন্দ্রপুর এলাকার কলেজশিক্ষক সামছুল হক বলেন, নগরের গ্যাস-সংযোগের উদ্বোধন হচ্ছে বলে তাঁরা খুশি। কিন্তু নির্বাচন সামনে রেখে তড়িঘড়ি করে উদ্বোধন করে বিশিষ্ট লোকদের বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছে। এর পরে কী হবে, তা নিয়ে তাঁরা দ্বন্দ্বে আছেন।