রাজশাহীতে গ্যাস নিয়ে তোড়জোড়
‘আমার বাড়িতে প্রথম সংযোগ দেওয়া হবে, এটা আমার কাছে বড় ব্যাপার নয়। রাজশাহীর মানুষ গ্যাস পাচ্ছে, এটাই আমার কাছে খুশির বিষয়।’ গ্যাস-সংযোগের ব্যাপারে অনুভূতির কথা জানতে চাইলে এ কথা বলেন ভাষাসৈনিক আবুল হোসেন। রাজশাহীতে প্রথম গ্যাস-সংযোগের উদ্বোধন করা হবে তাঁর বাড়িতে। এ নিয়ে নগরের শিরোইল মঠপুকুর এলাকার ওই বাড়িতে চলছে প্রস্তুতি।আজ মঙ্গলবার সকালে আবুল হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির লোকেরা বাসায় গিয়ে মিটার লাগিয়ে পাইপে গ্যাসের চাপ পরীক্ষা করছেন। বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলায় দুটি চুলায় সংযোগ দেওয়া হবে। এই চুলা পর্যন্ত গ্যাসের লাইন নিয়ে যাওয়া হয়েছে। এখন শুধু সংযোগ দেওয়া বাকি। ৬ জুন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর আনুষ্ঠানিকভাবে এই বাসায় গ্যাস-সংযোগের উদ্বোধন করবেন। এ উপলক্ষে বাড়ির পাশে মঞ্চ তৈরি করা হবে।আবুল হোসেনের মেয়ে সাহানারা খাতুন বলেন, তাঁরা ভীষণ খুশি। গ্যাস সিলিন্ডার নিয়ে আর ঝামেলা পোহাতে হবে না। রাজশাহীতে প্রথম দফায় আবাসিক গ্যাস-সংযোগ পাচ্ছেন ৩২ সৌভাগ্যবান। তাঁদের মধ্যে শহরের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও শীর্ষ সরকারি কর্মকর্তা রয়েছেন।