রাজশাহীতে চালু হয়নি সাংসদের বিদ্যুৎকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি অনুযায়ী উৎপাদন শুরুর নির্ধারিত তারিখ ছিল গত ২৩ এপ্রিল। এরপর ২০ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়। কিন্তু এখনো চালু হয়নি রাজশাহীর কাটাখালীতে ৫০ মেগাওয়াট ক্ষমতার ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি।বেসরকারি খাতের এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ এনামুল হকের প্রতিষ্ঠান নর্দার্ন পাওয়ার সলিউশন লিমিটেড। বিদ্যুৎকেন্দ্র নির্মাণে এই বিলম্বের জন্য চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি জরিমানা পরিশোধ করেনি। এদিকে নর্দার্ন পাওয়ার নামে বন্ড ছেড়ে শেয়ারবাজার থেকে তোলা হয়েছে ১৭৫ কোটি টাকা। সূত্র জানায়, বিদ্যুৎ-সংকট মোকাবিলায় সরকার যে কয়টি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দিয়েছিল সেগুলোর একটি হলো কাটাখালীর এই কেন্দ্র। এটি নির্মাণের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে চুক্তি হয় নর্দার্ন পাওয়ারের। পিডিবির বন্ধ হয়ে যাওয়া কাটাখালী বিদ্যুৎ উপকেন্দ্রের জমিতে এই কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয় গত বছর ১৬ সেপ্টেম্বর। চুক্তি অনুযায়ী, এই বিদ্যুৎকেন্দ্র হবে ফার্নেস তেলভিত্তিক। সরকার এখান থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ সাত টাকা ৭৮ পয়সা হারে কিনবে। শর্ত অনুযায়ী, নির্ধারিত সময়ে কেন্দ্র চালু না হলে প্রতিদিনের জন্য পিডিবিকে জরিমানা দিতে হবে সাড়ে ১৭ লাখ টাকা।কিন্তু উৎপাদন শুরুর নির্ধারিত সময় ২৩ এপ্রিল পেরিয়ে গেলেও বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। এই বিলম্বের জন্য পিডিবি জরিমানার টাকা পরিশোধের জন্য প্রতিষ্ঠানটিকে একাধিকবার চিঠি দিয়েছে। প্রতিষ্ঠানটি জরিমানা মওকুফ ও সময় বাড়ানোর জন্য পিডিবির কাছে আবেদন করে। একপর্যায়ে বিদ্যুৎকেন্দ্র চালুর জন্য ২০ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়। জরিমানা পরিশোধের জন্য জুলাই মাসেও চিঠি দেওয়া হয়। কিন্তু তা পরিশোধ করা হয়নি। হিসাব অনুযায়ী, জরিমানার পরিমাণ ইতিমধ্যে ২০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।যেখানে এই বিদ্যুৎকেন্দ্র হচ্ছে সেখানে ১৯৬৪ সালে তৎকালীন সরকার ৩৫ একর জমির ওপর একটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করেছিল। পিডিবির রাজশাহী কার্যালয় সূত্র জানায়, এ উপকেন্দ্রের তিনটি ইউনিটে ১ দশমিক ১৮ মেগাওয়াট এবং অপর তিনটি ইউনিটে দশমিক পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো। জ্বালানি হিসেবে ব্যবহূত হতো ডিজেল। দীর্ঘদিন ব্যবহারের কারণে ইউনিটগুলোর উৎপাদনক্ষমতা কমে যায় ও খরচ বেড়ে যায়। ১৯৯৯ সালে ইউনিটপ্রতি বিদ্যুৎ উৎপাদন খরচ খুব বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ কেন্দ্রটি বন্ধ করে দেয়।সম্প্রতি কাটাখালীতে নর্দার্ন পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে স্থাপনা তৈরি হয়েছে। জেনারেটর বসানোর কাজ চলছে। জ্বালানি পরিবহনের জন্য কেন্দ্রের পাশ দিয়ে রেললাইন নির্মাণের কাজ চলছে। সেখানে কেন্দ্রটির প্রকল্প পরিচালক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রের ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অক্টোবরে কেন্দ্রটি চালু হবে বলে আশা করা হচ্ছে।’ তিনি বলেন, চট্টগ্রাম বন্দর থেকে জেনারেটর আনতে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। এ ছাড়া অন্যান্য মালামাল ছাড় করাতেও দেরি হয়েছে। এ ছাড়া প্রকল্প এলাকায় ১৩২ কেভি জাতীয় গ্রিড থাকায় তাঁদের ড্রয়িং ও ডিজাইনও পাল্টাতে হয়েছে। এতে বাড়তি ৭৯ দিন লেগেছে। এসব কারণে নির্ধারিত সময়ে কেন্দ্র চালু করা যায়নি।পিডিবির একটি সূত্র জানায়, সম্পূর্ণ নতুন ও অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে কাজ দেওয়ায় এই বিদ্যুৎকেন্দ্রের কাজ নির্ধারিত সময় শেষ হয়নি। বিশেষ করে ফার্নেস তেল পরিবহনের জন্য রেললাইন নির্মাণে প্রতিষ্ঠানটি অযথা বেশি সময় নিচ্ছে। এ ছাড়া আর্থিক সংকটও তাদের ছিল।বন্ড ছেড়ে ১৭৫ কোটি টাকা উত্তোলন: এদিকে নর্দার্ন পাওয়ার শেয়ারবাজারে বন্ড ছেড়ে ১৭৫ কোটি টাকা তুলেছে। জানা যায়, ৩০ মার্চ নর্দার্ন পাওয়ার নামের এ বন্ড ছাড়ার জন্য আবেদন করা হয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি)। ২১ এপ্রিল এসইসি শর্তসাপেক্ষে রূপান্তরযোগ্য এ বন্ড ছাড়ার অনুমোদন দেয়। এ বন্ডে নর্দার্ন পাওয়ারের অংশীদার বেক্সিমকো গ্রুপের বেক্সটেক্স লিমিটেড। এতে নর্দার্ন পাওয়ারকে সাংসদ এনামুল হক এবং বেক্সটেক্সকে প্রতিনিধিত্ব করেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।জানা গেছে, কোনো কোম্পানি শেয়ারবাজার থেকে ৫০ কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করতে চাইলে কোম্পানিটিকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে প্রাথমিক শেয়ার (আইপিও) ছাড়তে হয়। কিন্তু নর্দার্ন পাওয়ার সে পথে না গিয়ে বন্ড ছেড়ে টাকা তুলেছে।বিদ্যুৎকেন্দ্রটি চালুর বিষয়ে জানতে চাইলে নর্দার্ন পাওয়ার সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক সাংসদ এনামুল হক প্রথম আলোকে বলেন, সেপ্টেম্বরের মধ্যেই বিদ্যুৎকেন্দ্রটি চালু হবে। কিছু জটিলতার কারণে দেরি হয়েছে। জরিমানা না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, জরিমানার ব্যাপারে পিডিবিকে চিঠি দেওয়া হয়েছে। এত টাকা জরিমানা দেওয়া সম্ভব নয়।বন্ড ছেড়ে ১৭৫ কোটি টাকা তোলার ব্যাপারে সাংসদ এনামুল বলেন, ব্যাংক থেকে দ্রুততম সময়ে টাকা পাওয়া না যাওয়ায় বন্ড ছেড়ে টাকা তোলা হয়েছে।