রাজশাহীতে ছাত্রদল নেতা আটক, বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আজ বৃহস্পতিবারের আধাবেলার হরতালের শুরুতে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মইনুল হাসান চৌধুরী ওরফে শান্তসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। ভোররাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।সকাল সাড়ে সাতটার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করার প্রস্তুতিকালে মহানগরের সপুরা এলাকার পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে থেকে মইনুল হাসানকে আটক করে পুলিশ। তাঁকে বোয়ালিয়া মডেল থানায় নেওয়া হয়েছে। ৮ নম্বর ওয়ার্ডে মিছিল বের করার সময় ওয়ার্ড বিএনপির সভাপতি এ বি এম তাজুল ইসলামকে আটক করা হয়েছে। পরে বিএনপির নেতা-কর্মীরা উপশহরে গিয়ে অবস্থান নেন। রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক অভিযোগ করেন, সকাল থেকে পুলিশ তাঁদের বের হতে দিচ্ছে না। পুলিশের কঠোর অবস্থানের কারণে রাজশাহীতে রাস্তায় দাঁড়াতে পারেননি ১৮ দলের নেতা-কর্মীরা। সকাল সাতটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে শিবিরকর্মীদের সঙ্গে ও ডিঙ্গাডোবা এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। হরতালের সমর্থনে নেতা-কর্মীরা সাহেব বাজার, জিরো পয়েন্ট, মনি চত্বর, কুমারপাড়া, আলুপট্টি, লক্ষ্মীপুর, তালাইমারি মোড় ও শালবাগান মোড়সহ মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষিপ্তভাবে অবস্থান করছেন। আজ ভোর চারটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ডে থাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেওয়া হয়। আশপাশের প্রহরীরা দ্রুত আগুন নেভান। আগুনে বাসের দুটি আসন পুড়ে গেছে।হরতালে নাশকতা এড়াতে সকাল থেকে মহানগর পুলিশের পাঁচটি দল শহরে টহল দিচ্ছে। মাঠে রয়েছে র্যাবের বেশ কয়েকটি ইউনিট, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ), আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।