রাজশাহীতে ছাত্রদলের ৪০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠাবার্ষিকীর দিন রাজশাহীতে ছাত্রদলের নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। নগরের বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বাদী হয়ে গত শনিবার মধ্যরাতে মামলাটি করে। তবে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত বিষয়টি গোপন রাখে পুলিশ। পুলিশ জানায়, পুলিশের আদেশ অমান্য, জোরপূর্বক পথসভা করা, সরকারি জিনিসপত্র ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলায় রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম ওরফে সমাপ্ত, বিভিন্ন উপজেলা-থানা ছাত্রদলের নেতাসহ ৪৩ জনের নাম উল্লেখ করে চার শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী জেলা ছাত্রদলের সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘর্ষে পুলিশসহ ৫০ জন আহত হয়।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সময়কার ছবি ও ভিডিও ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করা হয়েছে। তিনি জানান, তদন্ত শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার হয়নি বলে তিনি জানান।