রাজশাহীতে ছাত্রলীগ ও পুলিশ শিবিরের ওপর হামলা করেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী দাবি করেছেন, গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও ছাত্রলীগ যৌথভাবে ইসলামী ছাত্রশিবিরের ওপর হামলা করেছে। পরে এই ঘটনায় অন্যায়ভাবে ছাত্রশিবিরের ওপর দায় চাপানো হয়েছে। আজ বুধবার বিকেলে বড় মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে নিজামী এ কথা বলেন।নিজামী বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কী ঘটনা ঘটল, আর অন্যায়ভাবে তার দায় চাপানো হলো জামায়াত-শিবিরের ওপর। অথচ পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলার শিকার হয়েছে ইসলামী ছাত্রশিবির। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই ঘটনার পর উপাচার্য বলেছেন, পুলিশ বিশ্বাসঘাতকতা করেছে। পুলিশ বলেছে, উপচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলায় এ কাজ হয়েছে। এ থেকেই প্রমাণিত হচ্ছে যে, তারা নিজেরা ঘটনা ঘটিয়ে এখন জামায়াত-শিবিরের ওপর অন্যায়ভাবে দোষারোপ করছে।উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ওপর ছাত্রশিবিরের হামলায় ফারুক হোসেন নামের একজন ছাত্রলীগ কর্মী নিহত হন। পরের দিন তাঁর লাশ হলসংলগ্ন একটি ম্যানহোল থেকে উদ্ধার করা হয়। ওই রাতে ছাত্রলীগের আরও বেশ কয়েকজন কর্মীর হাত-পায়ের রগও কেটে দেয় শিবির ক্যাডাররা।অথচ আজ নিজামী বললেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র নিহত হওয়ার ঘটনার পর থেকেই আমরা ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছি। কিন্তু সরকার তা না করে সারা দেশে জামায়াত-শিবির উত্খাত অভিযান শুরু করে প্রতিহিংসার আগুন ছড়িয়ে দিয়েছে। সরকার মানবাধিকার লঙ্ঘন করে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার দুরভিসন্ধি করছে। সরকারের ভূমিকা দ্বারা স্পষ্ট হয়ে গিয়েছে যে, জামায়াত-শিবিরসহ ইসলামী শক্তিকে উত্খাত করার জন্যই ওই ঘটনার ঘটানো হয়েছে।’জামায়াতের নায়েবে আমির মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, শফিকুর রহমান, ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।