রাজশাহীতে ছাত্রলীগ ও বিএনপির সংঘর্ষ
১৮-দলীয় জোটের হরতাল চলাকালে আজ বুধবার সকালে রাজশাহীর চারঘাটে ছাত্রলীগের সঙ্গে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ হয়েছে। ছাত্রলীগ ও বিএনপির দুই নেতাকে মারধর ও কোপানোর ঘটনায় এ সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে চারঘাট উপজেলার হলিদাগাছিতে ছাত্রলীগের নেতা কায়সার আজাদ আরাফাতের মোটরসাইকেল ভাঙচুর করেন বিএনপি ও জামায়াতের কর্মীরা। এ সময় তাঁরা আরাফাতকে পিটিয়ে গুরুতর জখম করেন। তিনি জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার শিবপুর গ্রামে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা বিএনপির কর্মী সেকেন্দার আলীকে কুপিয়ে আহত করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ছয়টি গুলি ছোড়ে এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। সেকান্দারের বাড়িও শিবপুর গ্রামে। কায়সার আজাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেকেন্দার আলীকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক খান বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষ থেকে দুটি মামলা করার প্রস্তুতি চলছে।