রাজশাহীতে ছাত্রলীগ নেতা নিহত, আটক ২৮
রাজশাহী নগরের মেহেরচণ্ডী এলাকায় দুর্বৃত্তদের হামলায় রবিউল ইসলাম নামের ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রাতেই ২৮ জনকে আটক করেছে।রবিউল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং মেহেরচণ্ডী এলাকার নজু মিয়ার ছেলে। রবিউল গত বছর ওই কলেজ থেকে এইচএসসি পাস করেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাতটার দিকে রবিউল মেহেরচণ্ডী কমিশনারের মোড় এলাকায় গেলে একদল দুর্বৃত্ত তাঁকে মারধর শুরু করে। তারা ইট দিয়ে তাঁর মাথা থেঁতলে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।রবিউলের মৃত্যুর খবর শুনে স্বজনদের সান্ত্বনা জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান।নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, খুনের ঘটনায় গতকাল রাতে মেহেরচণ্ডী এলাকা থেকে ২৮ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।