রাজশাহীতে গত রোববার রাতে দুই ঘণ্টার ব্যবধানে ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে হত্যা ও আরেক নেতার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ দুটি ঘটনার সঙ্গে ছাত্রদল জড়িত বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে ছাত্রদল। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি রবিউল ইসলাম (১৯) রোববার সন্ধ্যা সাতটার দিকে নগরের মেহেরচণ্ডী এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের পাশে কমিশনারের মোড়ে আসেন। এ সময় ছাত্রদলের কর্মী সাইদের নেতৃত্বে কয়েকজন যুবক রবিউলকে মারধর করে। ইট দিয়ে তাঁর মাথা থেঁতলে দেয়। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রবিউলের বড় ভাই শফিকুল ইসলাম দাবি করেন, যুবদল ও ছাত্রদলের স্থানীয় কর্মীদের সঙ্গে রবিউলের বিরোধ চলছিল। গত ৩১ মার্চ ছাত্রদলের কর্মী সাইদ, টুটুল, সেতু, মিঠুনসহ আরও কয়েকজন মিলে তাঁদের বাসায় হামলা চালায়। এ ঘটনায় রবিউল বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলাও করেন। এর জের ধরেই তাঁর ওপর রোববার হামলা চালানো হয়েছে। এ ঘটনার জের ধরে স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেয় আওয়ামী লীগের সমর্থকেরা। নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, রোববার রাতে ওই এলাকা থেকে ২৮ জনকে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি। রবিউলের লাশ ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে রবিউল হত্যাকাণ্ডের প্রায় দুই ঘণ্টা পর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের উত্তর দিকে শমসেরের মোড়ে হাবিবুর রহমান নামের ছাত্রলীগের আরেক নেতার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজে (এনআইসিভিডি) পাঠানো হয়েছে। হাবিবুর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে নয়টার দিকে হাবিবুর বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফিরছিলেন। শমসেরের মোড়ে পৌঁছালে একদল যুবক এসে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত একটার দিকে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে রাত তিনটার দিকে তাঁকে ঢাকায় পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বলেন, হাবিবুরের অবস্থা সংকটাপন্ন। তাই তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান বলেন, ছাত্রশিবির ও ছাত্রদল যৌথভাবে গুপ্ত হামলা চালিয়ে হাবিবুরকে কুপিয়ে জখম করেছে।তবে দুটি ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান বলেন, ‘রবিউল হত্যাকাণ্ডের ঘটনাটি এলাকাভিত্তিক গন্ডগোলের কারণে ঘটতে পারে। আর দ্বিতীয় ঘটনায়ও ছাত্রদলের সম্পৃক্ত থাকার প্রশ্নই ওঠে না।’