রাজশাহীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
রাজশাহীর পুঠিয়ায় আজ মঙ্গলবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনটির দুই পক্ষের নেতা-কর্মীদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।পুঠিয়া উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক ছাত্রলীগের শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি ইউনিয়ন পরিষদের মোড় থেকে বের হয়ে রাজশাহী-নাটোর মহাসড়ক উঠতে গেলে মসজিদের কাছে পুলিশ তাদের বাধা দেয়। বাধা পেয়ে তারা রাস্তার ওপর সমাবেশ শুরু করে।গোলাম ফারুক অভিযোগ করেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জি এম হীরা বক্তব্য দেওয়ার সময় পুঠিয়া-দুর্গাপুর আসনে আওয়ামী লীগের সাংসদ আবদুল ওয়াদুদ দারার চাচাতো ভাই রিপনের নেতৃত্বে একদল ব্যক্তি তাঁদের সমাবেশ হামলা চালান। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। তবে যাওয়ার সময় তাঁরা পুঠিয়ার রাজবাড়ী বাজারে যুবলীগের নেতা মামুন ও রুবেলের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। তিনি দাবি করেন, হামলায় প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে তিনিসহ অন্তত নয়জন আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ওপরে সমাবেশ ও সংঘর্ষের কারণে প্রায় আধা ঘণ্টা রাজশাহী-নাটোর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।এ ব্যাপারে রিপনের বক্তব্য হচ্ছে, ‘ওরাই প্রথম আমাদের মিছিলে ইট মারে। আমাদের মিছিলে থাকা লোকজন প্রতিরোধের চেষ্টা করেছে।’ তিনি অভিযোগ করেন, তাঁকে মারার জন্য প্রতিপক্ষের লোকজন খুঁজে বেড়িয়েছেন। তিনি আত্মরক্ষার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে আশ্রয় নিয়েছিলেন। কে দোকান ভেঙেছে, তা তাঁর জানা নেই। তিনি দাবি করেন, প্রতিপক্ষের হামলায় মোস্তাক নামে তাঁদের এক কর্মী আহত হয়েছেন।এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আলম বলেন, রাস্তার ওপরে সমাবেশ ও সংঘর্ষের কারণে কিছুক্ষণের জন্য যানবাহনের চালকেরা নিজেরাই থেমে ছিলেন। দোকান ভাঙচুরের ব্যাপারে তিনি বলেন, দোকানের দরজায় আঘাত করা হয়েছে, তেমন কোনো ক্ষতি হয়নি।