রাজশাহীতে ছয় মেয়র প্রার্থীর তিনজন স্নাতকোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের ছয়জনই উচ্চশিক্ষিত। তাঁদের মধ্যে তিনজন স্নাতকোত্তর, দুজন স্নাতক এবং অপরজন এমবিবিএস পাস। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের দেওয়া হলফনামা সূত্রে এ তথ্য জানা গেছে।সদ্য বিদায়ী মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম খায়রুজ্জামান ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান)। এ ছাড়া তিনি আইন বিষয়েও স্নাতক। পেশায় তিনি একজন আইনজীবী। মেয়র পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। তিনিও আইন বিষয়ে স্নাতক। মেয়র পদপ্রার্থী বিএনপির আরেক নেতা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হকও স্নাতকোত্তর। মেয়র প্রার্থীদের মধ্যে এমবিবিএস একজন। পেশায় চিকিৎসক এই প্রার্থী হলেন জামায়াতের মহানগর সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর।স্বতন্ত্র প্রার্থী মীর মোজাম্মেল আলী স্নাতকোত্তর। আরেক স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান স্নাতক।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাট্যব্যক্তিত্ব মলয় কুমার ভৌমিক প্রথম আলোকে বলেন, ‘মেয়র পদে ছয় প্রার্থীই উচ্চশিক্ষিত, এটা নগরবাসীর জন্য আনন্দের। আশা করি এই ছয়জনের মধ্যে যিনিই মেয়র নির্বাচিত হোন না কেন, তিনি এই নগরের সব ধরনের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।’মেয়র পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার এসব তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার। আগামী ১৫ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।