রাজশাহীতে জনতার ধাওয়ায় পিকেটারদের পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শহরে পিকেটিংয়ের সময় জনতার ধাওয়ার মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন হরতালকারীরা। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, সকালে নগর ভবনের সমনে টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থকেরা সড়ক অবরোধ করার চেষ্টা করেন। এ সময় তাঁরা একটি অটোরিকশা ভাঙচুরের চেষ্টা চালালে আশপাশের লোকজন পিকেটারদের ধাওয়া করেন। এতে তাঁরা পালিয়ে যান।রাজশাহী কলেজের সামনে ফুটপাতের দোকানের একটি চৌকিতে আগুন ধরিয়ে দেন পিকেটাররা। পরে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ছাড়া, নগরের কাদিরগঞ্জ ও সাগরপাড়া এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করার চেষ্টা করেন হরতালের সমর্থকেরা। তবে পুলিশ সেখানে পৌঁছার আগেই তাঁরা পালিয়ে যান। এদিকে, সকাল সাতটার দিকে হরতালের সমর্থনে নগরের কাদিরগঞ্জ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে মিছিলটি বের হয়ে সাহেব বাজারের দিকে যাওয়ার সময় সোনাদীঘি মোড়ে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় নেতা-কর্মীরা রাস্তার ওপর বসে পড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।