রাজশাহীর চারঘাট উপজেলার বনকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ত শিশির। মেধাবী ছাত্র। ক্লাসের সেকেন্ড বয়। শিশিরদের বাসায় থেকেই রাজশাহী কলেজে ইংরেজি বিষয়ে অনার্স পড়তেন তার খালা শিরিনা আক্তার। শিশিরের বাবা মশিউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশপ্রহরীর চাকরি করতেন। স্বেচ্ছায় অবসর নিয়ে বনকিশোর বাজারে একটি মুদির দোকান করেছিলেন। এখন থেকে নয় মাস আগে হঠাত্ একদিন চাননগর গ্রামের লোকেরা দেখল মশিউরের বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে অন্য মানুষ। কেউ খুলছেন টিন, কেউ সরিয়ে নিচ্ছেন আসবাবপত্র। কিন্তু শিশিরের পরিবারের কেউ সেখানে নেই।পরে এলাকাবাসী জানতে পারে সুদের টাকা শোধ করতে না পেরে তারা রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। রাজশাহীর বিভিন্ন এলাকায় এভাবেই সুদের ব্যবসায়ীদের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছে গরিব মানুষ। দায় শোধ করতে তানোরের এক ক্ষুদ্র ব্যবসায়ী কিডনি বেচার জন্য ঘুরে বেড়াচ্ছেন।সম্প্রতি চারঘাটের চাননগর গ্রামের গিয়ে দেখা যায়, মশিউরের শূন্য ভিটায় তাঁর প্রতিবেশীরা বেগুনের চাষ করেছেন। মশিউরের একজন প্রতিবেশীর কাছে পাওয়া গেল একটি মোবাইল নম্বর। যোগাযোগ করলে মশিউর বলেন, এই টাকার জোগাড় না করে তার দেশে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। তাই একটি ক্লিনিকে কাজ করছেন। তিনি বলেন, চারঘাটের আজিজুল চৌধুরীর কাছ থেকে তিনি সুদের ওপর ৫০ হাজার টাকা নিয়েছিলেন। চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে যে টাকা পেয়েছিলেন তা থেকে এক লাখ সাত হাজার টাকা দিয়েছেন। এরপরও আজিজুল চৌধুরী তার কাছে আরও ২৫ হাজার টাকার দাবি রেখেছেন। এ ব্যাপারে জানতে মোবাইলে যোগাযোগ করলে আজিজুল চৌধুরী বলেন, মশিউরের সঙ্গে তাঁর কোনো আর্থিক লেনদেন নেই।পার্শ্ববর্তী বনকিশোর গ্রামে গিয়ে দেখা যায়, একা বাড়িতে অন্ধ মাকে ফেলে রাতের অন্ধকারে রিকশাচালক শফিকুল ইসলামও একইভাবে পরিবারের অন্য সদস্যদের নিয়ে পালিয়ে গেছেন। বাড়ির ভেতরে গিয়ে দেখা যায়, তার রান্নাঘরটি কাত হয়ে পড়ে গেছে। শোবার ঘরের বারান্দায় বসে রয়েছে তাঁর অন্ধ মা মালেকা খাতুন। দু মুঠো ভাতের জন্য তিনি এখন ভিক্ষা করছেন।শফিকুলের প্রতিবেশী মোশাররফ হোসেন বলেন, এনজিও থেকে প্রথমে ঋণ নিয়েছিল। সপ্তাহে তার এক হাজার ৮০০ টাকা কিস্তি ছিল। শুধু রিকশা চালিয়ে সেই কিস্তি দিতে না পেরে মহাজনের কাছে আবার ঋণ করেন। সেই টাকা সুদে লাভে বেশি হওয়ার কারণে শোধ করতে না পেরে রাতের অন্ধকারে পালিয়ে গেছেন।এ ব্যাপারে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রশিদ বলেন, এ ধরনের অভিযোগ কেউ করেনি। করলে সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা নেবেন।রাজশাহীর তানোরে ধান-চালের ব্যবসায়ের আড়ালে চলছে রমরমা সুদের ব্যবসা। এই সুদ ব্যবসায়ীদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে এখন নিজের কিডনি বিক্রি করার জন্য ঘুরে বেড়াচ্ছেন ধান ব্যবসায়ী আয়ুব আলী। আয়ুব আলীর বাড়ি তানোর উপজেলার বনকেশর গ্রামে। তার নিজের তেমন কোনো জায়গা জমি নেই। তিনি জানান, তানোরের চানপুরে নাদের আলী নামের এক ব্যক্তি তাকে ব্যবসা করার জন্য এক লাখ টাকা দিয়েছিলেন। এই টাকা দিয়ে তিনি ব্যবসা করছিলেন। কয়েক বছর আগে নাদের আলী মারা যান। এ সময় তাঁর টাকা ফেরত দেওয়ার জন্য তানোরের ব্যবসায়ীদের কাছ থেকে আয়ুব আলী সুদের ওপর টাকা নেন। এখানে ব্যবসায়ী অন্য ব্যবসায়ের আড়ালে সুদের ব্যবসা করে থাকেন। তিনি ধারণা করেছিলেন, ধানের ব্যবসা করেই তিনি এই টাকা শোধ করতে পারবেন। কিন্তু গত ২০০৮ সালে ধানের দাম পড়ে যাওয়ার কারণে তিনি ব্যবসায়ে মার খেয়ে যান। কোনো উপায় না দেখে তিনি সুদের টাকা হাতবদল করতে থাকেন। একজনের কাছ থেকে নিয়ে আরেক জনকে দেন। এভাবে এখন তার তিন-চার লাখ টাকা বেঁধে গেছে।প্রতিদিন মহাজনেরা তাঁর বাড়িতে এসে টাকার জন্য ধরনা দিচ্ছেন। গত ১৪ ডিসেম্বর তাঁর একজন মহাজনের হালখাতা ছিল। সেখানে তাঁর স্ত্রী নূরেছার নামে ৪৬ হাজার টাকা এবং তাঁর নিজের নামে ৭২ হাজার টাকা পরিশোধ করার কথা ছিল। তিনি তা শোধ করতে পারেননি।আয়ুব আলী জানান, গত জ্যৈষ্ঠ মাসে তাঁরা স্বামী-স্ত্রী দুজনের নামে তানোরের গোল্লাড়া এলাকার চাল ব্যবসায়ী ইয়াদ আলীর কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়েছিলেন। গত ডিসেম্বর মাসেই তাঁর ওপর ৪৮ হাজার টাকা সুদ হয়েছে। আয়ুব আলী বলেন, সেই টাকা শোধ করতে না পারায় তাদের এখন বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। গত ১১ ফেব্রুয়ারি মেয়ের পরীক্ষার জন্য আয়ুব আলী উপজেলা সদরে এলে ইয়াদ আলী তাঁকে ধরে বাড়িতে নিয়ে গিয়ে স্ট্যাম্পের ওপরে জোর করে লিখে নেন।একই এলাকার আজাদ আলী নামের অপর একজন ব্যবসায়ীর কাছ থেকে তিনি গত জ্যৈষ্ঠ মাসে দেড় লাখ টাকা নিয়েছিলেন। গত ডিসেম্বরে সেই টাকার ওপরে ৭৫ হাজার টাকা সুদ হয়েছে। প্রায় দিনই তাঁরাও বাড়িতে এসে তাগাদা দিচ্ছেন।এই টাকার কোনো জোগাড় করতে না পেরে আয়ুব আলী এবং তাঁর স্ত্রী সম্প্রতি মাসে পাঁচবার প্রথম আলোর রাজশাহী অফিসে আসেন। তাঁরা কিডনি বিক্রি করতে চান—এই মর্মে একটা খবর প্রকাশের জন্য অনুরোধ জানান।যোগাযোগ করা হলে ইয়াদ আলী এবং আজাদ আলী দুজনেই একই ধরনের কথা বলেন। তাঁরা বলেন, আয়ুব আলীর কাছে তাঁদের দোকানের বাকি রয়েছে। তাঁরা দুজনেই বলেন, আয়ুব আলীর লেনদেন খুব ভালো। এ জন্য তাঁর কাছে তাঁরা ধারে জিনিস বিক্রি করেন। তাঁরা সুদের ব্যবসার কথা অস্বীকার করেন।