রাজশাহীতে জামায়াতের নয় নেতা-কর্মী গ্রেপ্তার
রাজশাহী শহর থেকে গতকাল সোমবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নয় নেতা-কর্মীকে আটক করা হয়। আজ মঙ্গলবার ভোররাতে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির আলী আশরাফ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আবু বকর সিদ্দিক, জেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সিদ্দিক হোসেন, কর্মী রুহুল আমিন, গিয়াসউদ্দিন, আনোয়ারুল ইসলাম, জুয়েল হোসেন ও আইয়ুব আলী। বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেলা জামায়াতের আমির আতাউর রহমানের মুক্তি উপলক্ষে গতকাল রাত সাড়ে আটটার দিকে জামায়াতের নেতা-কর্মীরা শহরে মিছিল বের করে। কিন্তু ওই মিছিলের জন্য দলটি পুলিশের অনুমতি নেয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াতের নয় নেতা-কর্মীকে আটক করে। পুলিশের কাজে বাধা ও বিনা অনুমতিতে মিছিল করার অভিযোগে পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলা করেছে।