রাজশাহীতে জামায়াতের বিরুদ্ধে করা মামলার রায়ে সবাই খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গত ৩০ জুনের বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার রায়ে সব আসামি খালাস পেয়েছেন। জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে ওই বিক্ষোভ ও মিছিলের আয়োজন করা হয়েছিল। আজ সোমবার রাজশাহীর দ্রুতবিচার আদালতের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম রুহুল আমিন এ রায় ঘোষণা করেন।আদালত সূত্রে জানা গেছে, দ্রুতবিচার আইনে দায়ের করা মামলায় রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি আবুবকর সিদ্দিক, রাজপাড়া থানার আমির আবদুল মালেক, সেক্রেটারি মাহাবুবুল আহসান, জামায়াতের ২ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোখলেছুর রহমান, রাজপাড়া থানা ছাত্রশিবিরের সেক্রেটারি ও জামায়াতের সমর্থক নাইমুল ইসলামকে আসামি করা হয়। বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমাউল হক গত ১১ জুলাই ছয়জন নেতাকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র দাখিল করেন। মামলার ৩০ কার্যদিবসে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়। এ সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত ৩০ জুন সন্ধ্যায় ১৫-২০ জনের একটি দল নগরের মণিচত্বর এলাকায় লাঠি লোহার রড, হাসুয়াসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটায়।