রাজশাহীতে জামায়াতের হামলা, আ.লীগ নেতা গুলিবিদ্ধ
নগরের বিনোদপুর বাজারে জামায়াত-শিবির নেতা-কর্মীরা আজ সোমবার রাতে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়েছে। হামলাকারীরা কার্যালয়ের সামনে রাখা দু’টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় নগরের ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল নিয়ে বিনোদপুর বাজারে আসে। এরপর তারা ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার, টেবিল ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে। কার্যালয়ের সামনে রাখা দু’টি মোটরসাইকেলে তারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গুলিবিনিময় হয়। এক পর্যায়ে জামায়াত-শিবির কর্মীরা পালিয়ে যায়। এ সময় গুলিতে শহীদুল ইসলাম আহত হন। তার পেটে ও হাতে গুলি লাগে। রাত আটটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সোয়া আটটার দিকে স্থানীয় আওয়ামী লীগ বিনোদপুর বাজারের সেন্ট্রাল মসজিদের পার্শ্বের ছাত্রশিবিরের একটি ছাত্রাবাসে হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা এক শিবির-কর্মীকে মারধর করে।এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ কমিশনার এস এম মনির উজ জামান প্রথম আলো ডটকমকে বলেন, তারা অভিযানে রয়েছেন। কথা বলতে পারবেন না।