রাজশাহীতে জামায়াত-পুলিশ সংঘর্ষ, গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আজ শুক্রবার সন্ধ্যা প্রায় পৌনে এক ঘণ্টা ধরেজামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গুলিবিনিময় হয়েছে। সংঘর্ষে গুলিবিদ্ধ দুজনের পরিচয় পাওয়া গেছে। তবে চারজন গুলিবিদ্ধ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।সংঘর্ষের সময় নগরের তালাইমারী থেকে পঞ্চবটী পর্যন্ত রাজশাহী-নাটোর সড়কের প্রায় দেড় কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গুলিবিদ্ধ দুজন হলেন: জালাল উদ্দিন (২৫) , আবদুস সালাম (২২)। জালালের বাড়ি নগরের খরবনা এলাকায় এবং সালামের বাড়ি নগরের নওদাপাড়া এলাকায়। সালামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারে আজ পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। জামায়াত দাবি করেছে, নিহত চারজনই তাদের কর্মী। এ খবর শোনার পরে সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা নগরের তালাইমারীর মোড় থেকে মিছিল বের করেন। তাঁরা মিছিল নিয়ে পশ্চিম দিকে নগরের শহীদ মিনার এলাকায় গিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। এ সময় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জামায়াত-শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল ও ককটেল ছুড়তে থাকেন। পুলিশও পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়তে থাকে। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় চলে। একপর্যায়ে জামায়াত-শিবিরের কর্মীরা পিছু হঠতে শুরু করেন। এভাবে তালাইমারী থেকে নগরের পঞ্চবটী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। রাতের অন্ধকারে গুলির শব্দে এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পঞ্চবটী এলাকায় গিয়ে জামায়াত-শিবিরকর্মীরা রাস্তা ছেড়ে দিয়ে পদ্মা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দিকে নেমে যান। তখন সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা বেজে গেছে। তার পরও পুলিশ ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে নগরের আলুপট্টি এলাকা পর্যন্ত যায়। সেখান থেকে তাঁরা আবার দিক পরিবর্তন করে তালাইমারীর দিকে যান। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির উজ জামান বলেন, ওরা বৃষ্টির মতো ককটেল ছুড়েছে। এতে কমবেশি পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৮-১০ জনকে আটক করা হয়েছে।