রাজশাহীতে জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার গভীর রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত নগরের চারটি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে বিপুলসংখ্যক বইসহ দলীয় কাগজপত্র ও অডিও ক্যাসেট উদ্ধার করা হয়। এর প্রতিবাদে আজ বিকেলে জামায়াত-শিবির নগরে মিছিল বের করে।পুলিশ জানায়, নগরে নাশকতার ঘটনা এড়াতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হয়। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা পুলিশ চারজন, শাহ মখদুম থানা চারজন, রাজপাড়া থানা দুজন ও মতিহার থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে। বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।মহানগর পুলিশের উপকমিশনার (সদর) মোরশেদুল আনোয়ার খান বলেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সারা দেশে নাশকতার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে তাঁরা গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর চালান এবং গাড়ি পোড়ান। তাঁরা পুলিশের ওপর হামলা চালান। তাঁরা যাতে আর কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না করতে পারেন, এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নগরে অভিযান চালিয়ে ১১ জামায়াত-শিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।এদিকে নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিকেলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নগরে মিছিল বের করে। নগরের দড়িখরবনা মোড় থেকে শুরু করে তাঁরা কাদিরগঞ্জ মোড়ে গিয়ে মিছিল শেষ করেন।