রাজশাহীতে জামায়াতের আমির আতাউর পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার আমির আতাউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শুক্রবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। জামায়াত এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ১০ জন কর্মীকেও গতকাল রিমান্ডে নেওয়া হয়। রাজশাহী মহানগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার তারিকুল ইসলাম জানান, গতকাল আতাউর রহমানসহ গ্রেপ্তার হওয়া ১১ জনকে রাজশাহীর অতিরিক্ত মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করা হয়। সরকারি কাজে বাধাদান, ভীতি প্রদর্শন ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার এবং ছাত্রলীগের কর্মীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের কর্মী কাওসার আলমের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। হাকিম রুহুল আমিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া অন্য ১০ জন হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামি শিক্ষা বিভাগের শিক্ষার্থী শিবিরকর্মী ইসরাফিল, মার্কেটিং বিভাগের শাহীনূজ্জামান শাকিল, আরবি বিভাগের মামুনুর রশিদ, রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের খাইরুল ইসলাম ওরফে খাদেম, ব্যবস্থাপনা বিভাগের মামুন রশিদ, একই কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী শাহীন আলম, জামায়াত কর্মী আবদুল হক, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও জামায়াত ক্যাডার আবদুল খালেক, গোলাম ইয়াসিন ও মকবুল হোসেন। নিরাপত্তা জোরদার : রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। চলছে তল্লাশি। কড়া পুলিশি তত্পরতার কারণে রাজশাহীতে গতকাল জামায়াতের বিক্ষোভ কর্মসূচি হয়নি। আতাউর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়। সহকারি কমিশনার তারিকুল ইসলাম জানান, নগরের ৪০টি স্থানে ১০ প্লাটুনেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজশাহী রেঞ্জের পুলিশ, খুলনা ও বগুড়া থেকে নিয়ে আসা আর্মড ব্যাটালিয়ন রয়েছে। তিনি বলেন, নগরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী তল্লাশি চৌকি বসানো হয়েছে। সেখানে সন্দেহভাজন লোকজনকে তল্লাশি করা হচ্ছে। ছাত্রাবাসগুলোতেও তল্লাশি চলছে। নগরে গোয়েন্দা নজরদারিসহ সাদা পোশাকের পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। তারা সন্দেহভাজন জামায়াত কর্মীদের ওপর কড়া নজরদারি করছে। এতে গতকাল জামায়াত তাদের কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারেনি।হল শিক্ষার্থীশূন্য: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার থেকে সব বিভাগের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হল ঘুরে দেখা গেছে, অধিকাংশ হলই শিক্ষার্থীশূন্য। বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিভিন্ন ছাত্রাবাসে গিয়ে দেখা গেছে, অধিকাংশ শিক্ষার্থী নিজ নিজ বাড়িতে চলে গেছেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়কে শিবিরমুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিণত করাসহ বিভিন্ন দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। গতকাল এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।