রাজশাহীতে ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে ট্রাকের চাপায় দুজন স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত ছাত্ররা হলো তৃতীয় শ্রেণীর রাফি ও দ্বিতীয় শ্রেণীর শান্ত। তারা পবা উপজেলায় নাইস কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র ছিলেন।পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, আজ স্কুল ছুটির পর ওই দুই শিশু তাদের প্রতিবেশীর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে উপজেলার সূর্যপুর গ্রামের একটি সরু রাস্তায় বিপরীত দিক থেকে আসা আলুবোঝাই একটি ট্রাককে জায়গা ছেড়ে দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। তবে রাফি ও শান্ত রাস্তার ওপর ছিটকে পড়ে। এ সময় ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। পরে এলাকাবাসী ট্রাকের চালক রামকে (৫০) আটক করে পাশের সবসার উচ্চবিদ্যালয়ে নিয়ে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নিহত দুই শিশুর পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত না করেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।