রাজশাহীতে ঢিলেঢালা হরতাল পালিত
রাজশাহীতে গণমিছিলে সংঘর্ষের সময় গুলিতে জামায়াত কর্মী নিহতের প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের ডাকা আধাবেলার হরতাল আজ মঙ্গলবার ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। আজ সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলাকালে রাজশাহী নগরে প্রধান প্রধান এলাকায় হরতালকারীরা কোনো মিছিল বের করেনি। তবে নগরের ভদ্রা এলাকায় একটি খণ্ড মিছিলের বের করার খবর পাওয়া গেছে। নগরে রিকশা ও অটোরিকশা চলাচল প্রায় স্বাভাবিক ছিল, দোকানপাটও বন্ধ ছিল। দুপুর ১২টা পর্যন্ত অফিস-আদালতে কোনো কাজ হয়নি। নগরের শিরোইল বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি, তবে নওদাপাড়া বাসস্ট্যান্ড থেকে কিছু দূরপাল্লার বাস ছেড়ে গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। হরতাল চলাকালে নগরে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এম ওবায়দুল্লাহ বলেন, হরতাল চলাকালে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। কোথাও জননিরাপত্তা বিঘ্নিত হয়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতকাল রাজশাহীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শফিকুল ইসলাম (৩০) নামের জামায়াতের একজন কর্মী নিহত হন। আহত হয়েছেন পুলিশ-সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি। এ ঘটনার প্রতিবাদে বিএনপি আজ রাজশাহীতে আধাবেলা হরতাল ডাকে।