রাজশাহীতে থানা কোয়ার্টারে নারীর আত্মহত্যা
রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানার কোয়ার্টারে এক নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর নাম মিতা। তাঁর বাড়ি পাবনার সুজনাগর উপজেলার সাগরকান্দি গ্রামে। আজ শনিবার এ ঘটনা ঘটে।বোয়ালিয়া থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) শামীম উদ্দিন খান বলেন, ওই নারীটি তাঁর শ্যালিকা। উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তিনি বোনের বাসায় বেড়াতে আসেন। শামীম উদ্দিন আরও বলেন, সকালে তিনি নগরের খড়খড়ি এলাকায় একটি মামলার কাজ করতে যান। এ সময় তাঁর স্ত্রী বাজারে গিয়েছিলেন। বাসায় আট বছর বয়সী মেয়ে ও মিতা ছিলেন। মেয়েটি ঘরে টেলিভিশন দেখছিল। কিছুক্ষণ পর সে খালাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।দুপুর সাড়ে ১২টার দিকে মেয়েটি কোয়ার্টারের বসার ঘরের দরজার ফাঁক দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করে। পরে থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে মিতার লাশ উদ্ধার করে। আত্মহত্যার কারণ জানতে চাইলে শামীম উদ্দিন বলেন, হয়তো বা কারও সঙ্গে সম্পর্ক থাকতে পারে। এ ঘটনার আগে তিনি মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেছেন।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।