রাজশাহীতে শিবিরের দুই কর্মীকে আটকের এক ঘণ্টার মাথায় আজ মঙ্গলবার রাতে নগরের বোয়ালিয়া মডেল থানায় বোমা হামলা হয়েছে। এতে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর নগরে অভিযান চালিয়ে পুলিশ শিবিরের চার কর্মীকে আটক করেছে। আহত পুলিশ কনস্টেবল হলেন ফিরোজ আহাম্মেদ ও দবির উদ্দিন। তাঁদের মধ্যে ফিরোজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দবিরকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।পুলিশ জানিয়েছে, নগরের উপশহর এলাকায় সন্ধ্যা সাতটার দিকে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে শিবির কর্মীরা ককটেল ছোড়ে। এ সময় গাড়িতে ছিলেন নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ও সহকারী কমিশনার রোকনুজ্জামান। পুলিশ ঘটনাস্থল থেকেই দুই শিবির কর্মীকে আটক করে। তাঁর হচ্ছেন, সেলিম রেজা ও মুশফিক জামান। দুজনই রাজশাহী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র। তাঁদের আটকের এক ঘণ্টার মাথায় রাত আটটা ১৯ মিনিটের সময় বোয়ালিয়া থানার ভেতরে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। এতে দুই কনস্টেবল চিত্কার করে ওঠেন।প্রত্যক্ষদর্শীরা জানান, থানার পূর্ব পাশের দেয়ালের বাইরে থেকে বোমাটি এসে থানার ভেতরে পড়ে। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায়। পুলিশ তত্ক্ষণাত্ অভিযান চালিয়ে কাউকে ধরতে পারেনি। ঘটনার পর পরই থানায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এর কিছুক্ষণ পরেই রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়ামে অভিযান চালিয়ে পুলিশ এক শিবির কর্মীকে আটক করে। একই সময়ে নগরের কামরুজ্জামান চত্বর থেকে আরও তিনজনকে আটক করা হয়। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রথম আলো ডট কমকে বলেন, ‘এটা নিশ্চিত শিবিরের কাজ। ঘণ্টা খানেক আগে যে দুই শিবির কর্মীকে আটক করা হয়েছে। তার জের হিসেবে তারা থানায় এই হামলা করেছে।’ছাত্র শিবিরের রাজশাহী মেডিকেল কলেজ শাখার সেক্রেটারি শাহাদত হোসেন বলেন, ‘তাদের ক্যাম্পাসে থেকে কোনো কর্মী বাইরের প্রোগ্রামে যান না। কেউ আটক হয়েছেন কি না তিনি জানতে পারেননি।’