রাজশাহীতে দফায় দফায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ২০
রাজশাহীতে দ্বিতীয় দিনের হরতাল চলাকালে আজ সোমবার দফায় দফায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় ঘটনা ঘটেছে। এতে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা, এক পুলিশ সদস্য ও আরও ১৮ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার নেতৃত্বে নগরের মনিচত্বর থেকে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। মিছিলটি কলেজিয়েট স্কুলের সামনে যেতেই পেছন থেকে পুলিশ লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে নাদিম মোস্তফাসহ বিএনপির ১০ নেতা-কর্মী আহত হন। এর কিছুক্ষণ পরে নাদিম মোস্তফার মিছিলের একটি অংশ সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশের লাঠিপেটায় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যায়। এখানেও প্রায় পাঁচ নেতা-কর্মী আহত হন।এর আগে সকাল সোয়া ছয়টার দিকে হরতালের সমর্থনে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর নেতৃত্বে নগরের উপশহর এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি আমবাগান এলাকায় মত্স্য ভবনের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ছুড়ে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ কনস্টেবল আতাউর রহমান আহত হন। এ ছাড়া বিভিন্ন সময় নগরের লোকনাথ স্কুলের সামনে, শালবাগান, তালাইমারী মোড় ও দাসপুকুর মোড়ে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পিকেটাররা বেশ কয়েকটি অটোরিকশা ও টেম্পো ভাঙচুর চালায়।দুটি মামলা: গতকাল রোববার হরতাল চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। এ মামলায় গতকাল রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।