নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীনতার বাণী উচ্চারণের মধ্য দিয়ে গত ১৬ ও ১৭ জানুয়ারি নজরুল ইনস্টিটিউটে আয়োজিত দুই দিনব্যাপী রাজশাহী বিভাগীয় সম্মেলন শেষ হয়েছে। ইনস্টিটিউটের পক্ষ থেকে ঢাকার বাইরে এবং রাজশাহীতে এই প্রথম নজরুল সম্মেলন অনুষ্ঠিত হলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, ‘সারা দেশে নজরুলের অসাম্প্রদায়িক ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীনতার বাণী তুলে ধরতে হবে। একটি আধুনিক বাংলাদেশ গড়তে হলে নজরুলের সৃষ্টিকর্ম আমাদের প্রেরণা জোগাবে।’ রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশা ও বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঞা। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার। প্রমোদ মানকিন আরও বলেন, মানবতাবাদী কবি নজরুল প্রতিকূল পরিবেশে সাহসী উচ্চারণে সমাজের অন্যায়-অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। তিনি কেবল সাম্যের নয়, তারুণ্য ও যৌবনেরও প্রতীক। সৃষ্টি সুখের উল্লাসে আজীবন ছিলেন নিবেদিত প্রাণ।এর আগে এই সম্মেলন উপলক্ষে নগরের সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেয়। প্রথম অধিবেশনে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও নজরুলসংগীত, আবৃত্তি ও নৃত্য অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন ১৭ জানুয়ারি সন্ধ্যায় নগরের গ্রিন প্লাজায় আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। এতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সিটি মেয়র। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, স্বাগত বক্তব্য দেন রশীদ হায়দার। ধন্যবাদ জ্ঞাপন করেন ইনস্টিটিউটের সচিব জিকরুর রেজা খানম। অনুষ্ঠান উপস্থাপনা করেন কবি রেজাউদ্দিন স্ট্যালিন। এ ছাড়া এ দিন সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতার কবি নজরুল’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। প্রধান অতিথি ছিলেন উপাচার্য এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য মোহম্মদ নূরুল্লাহ। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক স্বরোচিষ সরকার, অধ্যাপক আহম্মদ কবির, জুলফিকার মতিন, অনীক মাহমুদ প্রমুখ। এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা ও রাজশাহীর বিভিন্ন সংগীত ও আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করেন।