রাজশাহীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যুবকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা থানার পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে এক যুবককে নির্যাতন করে ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে শরিফুল ইসলাম ওরফে সান্টু নামের ওই যুবক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।মামলার আরজিতে বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) শাকিল আহমেদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়। ক্ষিদ্রিখাঁপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তিনজনই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।আরজিতে বলা হয়, স্বাস্থ্য সহকারী পদে স্ত্রীর চাকরির জন্য উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিশ মোহাম্মদকে টাকা দেন উপজেলার ক্ষিদ্রিখাঁপুর গ্রামের মোস্তাফিজুর রহমান। শিশ মোহাম্মদ মারা যাওয়ার পর মোস্তাফিজুর ওই টাকা ফেরত দিতে শিশের পরিচিত সান্টুকে চাপ দেন। সান্টু এই টাকার বিষয়ে কিছু জানেন না বলে জানান। এই টাকা তিনি ফেরত দিতে পারবেন না বলেও জানিয়ে দেন। এতে মোস্তাফিজুর ক্ষিপ্ত হন।এর জের ধরে মোস্তাফিজুর তাঁর পরিচিত বাগমারা থানা পুলিশের দুই কর্মকর্তা শাকিল আহমেদ ও জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে গত ১৯ এপ্রিল উপজেলার দেউলা গ্রামের একটি চায়ের দোকানে যান। সেখানে সান্টুকে পেয়ে ওই দুই কর্মকর্তা তাঁকে মারধর করেন এবং টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেন। পরে তাঁকে থানায় নিয়ে এসে একটি কক্ষে আটক রেখে নির্যাতন করা হয় বলে সান্টু অভিযোগ করেন। একপর্যায়ে তাঁরা ১৫০ টাকার একটি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে শরিফুলের স্বাক্ষর নিয়ে থানা থেকে ছেড়ে দেন। পরে স্ট্যাম্প ফেরত দেওয়ার আশ্বাস দিলেও পুলিশ তা করেনি। এ কারণে প্রতিকার চেয়ে শরিফুল আদালতে মামলা করেছেন বলে উল্লেখ করেন।এ ব্যাপারে মামলার বাগমারা থানার এসআই শাকিল আহমেদ বলেন, শরিফুলের বিরুদ্ধে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ছিল। মোস্তাফিজুরের স্ত্রী নার্গিস পারভীনের অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছিল। তবে শরিফুলকে নির্যাতনের কথা তিনি অস্বীকার করেন।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, তিনি মামলার ব্যাপারে এখন পর্যন্ত কিছুই জানেন না।