রাজশাহীতে দেওয়া হলো গ্যাস-সংযোগ
প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজশাহীতে দেওয়া হলো গ্যাসের সংযোগ। আজ শুক্রবার রাজশাহী নগরের শিরোইল মঠপুকুর এলাকায় ভাষাসৈনিক আবুল হোসেনের বাড়ির গ্যাসের চুলায় আগুন জ্বেলে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর এ সংযোগের উদ্বোধন করেন।উদ্বোধন শেষে বেলা ১১টার দিকে হোসেন মনসুর সাংবাদিকদের বলেন, ‘আজ ভাষাসৈনিক আবুল হোসেনের বাড়িতে গ্যাস-সংযোগ দেয়ার মাধ্যমে রাজশাহীতে গ্যাস সরবরাহ শুরু হলো। পর্যায়ক্রমে নগরের প্রতিটি ঘরে গ্যাস-সংযোগ দেওয়া হবে। সবাই যেন সমান অধিকার নিয়ে এই সুযোগ পান, সে ব্যবস্থা আমরা করব। রাজশাহীতে সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস-সংযোগের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, ‘অন্য এলাকায় যে পরিমাণ গ্যাসের সংযোগ আছে, রাজশাহীতেও সেই পরিমাণ গ্যাসের সংযোগ নিশ্চিত করা হবে।’সময়মতো গ্যাস দিতে না পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের কাছে দুঃখ প্রকাশ করে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, ‘তিনি (খায়রুজ্জামান) মেয়র থাকাকালে গ্যাসের সংযোগ দিতে পারিনি। তিনি বারবার তাগাদা দিয়েছিলেন বলেই তাড়াতাড়ি গ্যাস-সংযোগ দেওয়া সম্ভব হয়েছে।’গ্যাস-সংযোগের উদ্বোধন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হোসেন মনসুর বলেন, ‘নির্বাচন কমিশন তাদের মতো কাজ করবে, পেট্রোবাংলা পেট্রোবাংলার মতো কাজ করবে। এখানে একটির সঙ্গে অন্যটির মিল খোঁজার কোনো কারণ নেই। পেট্রোবাংলার ধারাবাহিক কাজের অংশ হিসেবে আজ এই গ্যাস-সংযোগের উদ্বোধন করা হলো। আচরণবিধি ভঙ্গ হওয়ার মতো কিছু ঘটেনি।’