রাজশাহীতে নাটক ও চলচ্চিত্র উৎসব
রাজশাহীতে নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনে সাংস্কৃতিক অঙ্গনে কর্মব্যস্ত সময় অতিবাহিত হচ্ছে। আট দিনব্যাপী মেয়র নাট্যোৎসবে গতকাল তৃতীয় দিনে মেডিকেল কলেজ মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটক শাস্তি।গল্পটির নাট্যরূপ দিয়েছেন রবীন্দ্র ভট্টাচার্য। নির্দেশনায় মামুন-উর-রশীদ। নাটকটি মঞ্চস্থ করে রাজশাহী সাংস্কৃতিক সংঘ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন: রনি, অনি, ফ্রান্স, রানা, আকাশ, সোহান, রাজীব, স্বপন, সুতপা, অন্তরা প্রমুখ।উৎসবে গত শনিবার তরুণ নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করে ‘বাউথনামা’। নাটকটির নির্দেশনা দিয়েছেন আমিনুর রহমান।রাজশাহী সিটি করপোরেশন এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ উদ্যোগে ২৪ ফেব্রুয়ারি থেকে রাজশাহীতে আট দিনব্যাপী দ্বিতীয় মেয়র নাট্যোৎসব শুরু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা পৌনে সাতটা থেকে অনুষ্ঠান শুরু হবে। এবার উৎসবে প্রবেশ সবার জন্য উন্মুক্ত।রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, ‘বসন্তের ছোঁয়া লাগুক প্রাণে, মেতে উঠি সবাই মিলে’—স্লোগান নিয়ে গতকাল রোববার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনের চলচ্চিত্র উৎসব। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উৎসবের উদ্বোধন হয়। প্রথম দিন শ্যামল ছায়া, টাইটানিক ও অগ্নিপথ ছবি প্রদর্শিত হয়। উৎসবের দ্বিতীয় দিন আজ নৌকাডুবি, হাম তুম ও মেকানিক ছবি প্রদর্শিত হবে।