রাজশাহীতে নিরাপদ সড়ক অনিরাপদ
রাজশাহীর বিভিন্ন এলাকায় পাওয়ার ক্রাশার ব্যবহার করে চলছে আখমাড়াই। একই সঙ্গে পাশের সড়ক দখল করে চলছে আখের ছোবড়া শুকানোর কাজ। এতে মফস্বলের নিরাপদ সড়কগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অথচ ভুক্তভোগী ব্যক্তিরা প্রশাসনের সাহায্য চেয়েও পাচ্ছে না।এই দখলদারির কারণে রাজশাহীর চারঘাট, বাঘা ও পুঠিয়া উপজেলার ইউনিয়ন সদরের সড়কগুলোর অবস্থা সবচেয়ে করুণ। স্থানীয় ব্যক্তিরা জানান, মফস্বলের এই সড়কগুলোতে সাধারণত দুর্ঘটনা কম হয়। কিন্তু আখের ছোবড়ার কারণে হঠাৎ করে গাড়ির গতিরোধ করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। গত সপ্তাহে চারঘাট উপজেলার ভাইস-চেয়ারম্যান আজিবর রহমান মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় এ রকম আখের ছোবড়ার কারণেই দুর্ঘটনার শিকার হন। এর কিছুদিন আগে চারঘাট-ডাকরা সড়কে ডাকরা কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ ও শিক্ষক মুরাদ হোসেন রাস্তায় শুকাতে দেওয়া আখের ছোবড়ার কারণে মোটরসাইকেল উল্টে গেলে দুর্ঘটনার শিকার হন। আখের ছোবড়ায় দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণে ভালক্ষ্মীপুর ইউনিয়নের রেজাউল বাবু এলাকাবাসীর পক্ষে শতাধিক মানুষের স্বাক্ষর নিয়ে রাস্তা থেকে আখের ছোবড়া সরানোর দাবিতে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদন করেন। আবেদনপত্র পাওয়ার পর চারঘাট থানার পুলিশ চারঘাট-ডাকরা সড়কের পাশের পাওয়ার ক্রাশারের মালিকদের সতর্ক করেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ক্রাশারের মালিকেরা রীতিমতো রাস্তা দখল করে আখমাড়াইয়ের ব্যবসা চালিয়েই যাচ্ছেন।রাস্তা দখল করে ছোবড়া শুকান ব্যবসায়ী বাসার। তিনি বলেন, রাস্তাটা সরকারি। তাই তাঁরা ব্যবহার করছেন। তিনি বলেন, জনগণ নিয়েই তো সরকার। মানুষকে তো রাস্তা ব্যবহার করতে দিতেই হবে। আখের ছোবড়ার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে—এ কথা মানতে তিনি নারাজ। তিনি বলেন, যেখানে আখের ছোবড়া নেই, সেখানেও তো বাস-ট্রাকের সংঘর্ষ হচ্ছে। দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে।বাঘা উপজেলার পীরগাছা গ্রামের সোলাইমান হোসেন বলেন, আখের ছোবড়া বিছিয়ে রাখায় রাস্তার দুই ধার ভিজে থাকে। মোটরসাইকেল রাস্তার ধার দিয়ে গেলেই দুর্ঘটনা ঘটে। তিনি কিছুদিন আগেই এ রকম দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তিনি বলেন, যাঁরা রাস্তাঘাটে এ রকম ছোবড়া শুকান, তাঁদের কিছু বলতে গেলে উল্টো তাঁরাই মেজাজ দেখান। বাঘার দিঘা কলেজের শিক্ষক গোলাম তোফাজ্জল কবির বলেন, উপজেলার দিঘা-আড়ানী সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। অথচ এ সড়কে আখের ছোবড়ার কারণে চলাই যায় না। কোনো ভ্যানচালক এ সড়কে যেতে চায় না। গেলে দ্বিগুণ ভাড়া হাঁকে, আর মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে।পুঠিয়ার কলেজছাত্র সোহরাব খোকন বলেন, উপজেলার জিওপাড়া ও ভালুকগাছি ইউনিয়নে রাস্তা দখল করে আখের ছোবড়া ও গৃহস্থালির অন্য জিনিসপত্র শুকানো হয়। এতে তাঁদের ভোগান্তির শিকার হতে হয়। কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো নজর নেই।নাটোরের লালপুরের কলেজশিক্ষক রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন তাঁকে পেশাগত কারণে লালপুর থেকে বাঘা হয়ে চারঘাট আসতে হয়। তিনি বলেন, লালপুরের রহিমপুর এলাকার বাঘা-লালপুর সড়কের প্রায় এক কিলোমিটার জায়গাজুড়ে আখের ছোবড়া এমনভাবে বিছিয়ে রাখা হয় যে যানবাহন চলতে পারে না। তিনি বলেন, বছরের পর বছর এভাবে প্রভাবশালীরা সড়ক দখল করে পারিবারিক কাজ করছেন। বিষয়টি দেখার কেউ নেই।চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশিদ বলেন, রাস্তা দখল করে জনদুর্ভোগ সৃষ্টির ব্যাপারে পেনাল কোডে একটি ধারা রয়েছে। কেউ অভিযোগ করলে সেই ধারায় ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু তিনি এ পর্যন্ত কোনো অভিযোগ পাননি বলে জানান। স্থানীয় লোকজন এর আগে তাঁর কার্যালয়ে একটি অভিযোগ করেছিলেন, সে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সম্প্রতি তিনি এখানে এসেছেন। তাঁর আগের কর্মকর্তা হয়তো ব্যবস্থা নিয়েছেন। তবে তিনি বলেন, জনগণের যদি ন্যূনতম নাগরিক জ্ঞান না থাকে, তাহলে শুধু আইন দিয়ে হয় না।বাঘার ইউএনও দেওয়ান শাহরিয়ার ফিরোজ বলেন, রাস্তা দখলের ব্যাপারটাই অবৈধ। এ ব্যাপারে তিনি পুলিশকে ব্যবস্থা নিতে বলবেন।