রাজশাহীতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র ধসে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর কাটাখালীতে একটি নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের দোতলা ছাদের নির্মাণকাজ চলাকালে তা ধসে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।তাঁদের মধ্যে নয়জনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছে বলে জানা গেছে। শ্রমিকেরা জানান, বিদ্যুৎকেন্দ্রের ১৪ হাজার বর্গ ফুট ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। কাজের শেষ মুহূর্তে বিকেল সাড়ে চারটার দিকে সাটারিং ভেঙে পড়ে। এ সময় সেখানে ৮০ জন শ্রমিক ও ৩০ জন মিস্ত্রি কাজ করছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা উদ্ধারকাজ চালিয়ে সাটারিং, খোয়া-বালু ও সিমেন্টের নিচ থেকে মিস্ত্রি ও শ্রমিকদের উদ্ধার করেন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে ভর্তি হওয়া আহতরা হলেন সুজন, টুটুল, স্বপন, মিজানুর, মাসুদ, আবুল কালাম, আনোয়ারুল, সুরেশ চন্দ্র ও আজিজ।বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, ২৮৫ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫০ মেগাওয়াট এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে ডিইসি নামের একটি চায়না কোম্পানি। তাদের কাছ থেকে বিদ্যুৎকেন্দ্রের ভবন নির্মাণের জন্য বাংলাদেশ ফাউন্ড্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান কাজ নেয়।আজ ভবনের দ্বিতীয় তলার ছাদ নির্মাণের কাজ চলছিল। বিকেল সাড়ে চারটার দিকে ঢালাইয়ের শেষের দিকে সাটারিং ভেঙে পড়ে। এ সময় শ্রমিক ও মিস্ত্রিরা সাটারিংয়ের খোয়া বালু ও সিমেন্টের নিচে চাপা পড়েন।রাজশাহী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস কর্মকর্তা মাহাবুবুল ইসলাম জানান, তাঁদের উদ্ধারকাজ শেষ হয়নি। তিনি বলেন, লোহার পাইপ দিয়ে সাটারিং করার কথা থাকলেও বাঁশ দিয়ে সাটারিং তৈরি করা হয়েছে। এ ধরনের কাজে লোহার পাইপ ব্যবহার করা হয়। তাঁরা ধারণা করছেন, দুর্বল সাটারিংয়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাজশাহীর নির্বাহী প্রকৌশলী এনামুল হক জানান, ভবন নির্মাণের কাজটিও বিদেশি কোম্পানিরই করার কথা ছিল। কিন্তু তারা বাংলাদেশি একটি কোম্পানিকে কাজটি দেয়। তিনি বলেন, সাটারিং মজবুত না হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।এ ব্যাপারে কথা বলার জন্য ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে চায়না কোম্পানির কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকলেও তাঁরা কোনো কথা বলতে চাননি।