রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে শিশুসহ নিখোঁজ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলার মাজারদিয়াড় এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবিতে এক শিশুসহ দুজন নিখোঁজ রয়েছে। আজ রোববার সকালে ৩৫ ব্যক্তি ও ৩১টি গরু নিয়ে নৌকাটি ডুবে যায়।পবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সেলিম মাহমুদ-উল-হাসান জানান, সকাল আটটার দিকে মাজারদিয়াড় থেকে নৌকাটি রাজশাহী পুলিশ লাইনের সামনের ঘাটের উদ্দেশে রওনা দেয়। প্রচণ্ড বাতাস ও প্রবল ঢেউয়ে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ৩৩ জন সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও রাজশাহীর হড়গ্রাম এলাকার সাত বছরের শিশু নূর এবং চর মাজারদিয়াড় এলাকার এনামুল (৪০) নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ১৩টি গরু মারা গেছে। নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু হয়েছে বলে তিনি জানান। আর নগরের মতিহারের টাঙ্গন এলাকা থেকে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়েছে।