রাজশাহীতে পদ্মার বাঁধের ১০ স্থানে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যা তা কষ্ট কইরি বাড়ি-ঘর করনু ভাই! আর এখুন কোনো আশা-ভরসা নাই। জোত-জমিও নাই যে সেকেনে চলি যাব। বাড়িখান করার পরপরই বাঁধের এই অবস্থা।’পদ্মার বাঁধ ভাঙা পানিতে ঘর হারানোর এমন আশঙ্কার কথা এভাবেই প্রকাশ করলেন রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ঘোষপাড়ার পদ্মা পাড়ের বাসিন্দা রাজিয়া খাতুন (৪০)। উপজেলার টাঙ্গন ও ইউসুফপুরে পদ্মা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১০টি স্থানে ধস নেমেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে এসব এলাকার মানুষ।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, চারঘাটের টাঙ্গন থেকে ইউসুফপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় ২০০১ সালের দিকে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ব্লক দিয়ে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হয়।গত সোমবার সরেজমিনে দেখা যায়, কয়েক দিন থেকে পদ্মা নদীর পানি বাড়তে শুরু করেছে। বাঁধের নিচের দিক থেকে ব্লক ধসে নদীর ভেতর নেমে যাচ্ছে। এলাকার প্রায় ১০টি স্থানে বড় ধস নেমেছে। ছোটখাটো আরও অনেক জায়গায় ব্লক সরে যেতে শুরু করেছে। ভয়ে এলাকার মানুষ বাড়ি-ঘর অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তা-ভাবনা করছে।ইউসুফপুর ঘোষপাড়ার বাঁধের ব্লক নিচে নেমে গিয়ে জিওটেক্সটাইল (মোটা কাপড়, যা বিছানোর পর ব্লক বসানো হয়) বের হয়ে আছে।ঘোষপাড়ার বাসিন্দা অনুকূল ঘোষ বলেন, তাঁদের জায়গা জমি সব নদীতে ভেঙে গেছে। ব্লক দিয়ে বাঁধ স্থায়ীভাবে করার পর সাহস করে সব সঞ্চয় দিয়ে একটি পাকা বাড়ি তৈরি করেন তিনি। এখন যেভাবে বাঁধের ব্লক সরে যাচ্ছে, এতে তাঁরা আতঙ্কিত। তাঁদের আর যাওয়ার কোনো জায়গা নেই।মঞ্জু আরা খাতুন (৩০) বলেন, ‘অনেক দিন ধইরি জমানি ট্যাকা দিয়ে একটা পাকা বাড়ি কিনিচুনু। এখুন গাঙে ভাইঙ্গি গেলে আর মাথা গোঁজার কোনো জায়গা নাই।’ইউসুফপুর কান্দিপাড়া গ্রামের ব্যবসায়ী মুন্দেল আলী বলেন, পানি বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার ব্লক নিচে নেমে যাচ্ছে। পানি আরেকটু বাড়লে স্রোতের বেগও বাড়বে। তখন এই এলাকার ব্লক আর ওপরে থাকবে না। তিনি বলেন, ব্লক খুব খাড়া করে বসানোর কারণেই এ অবস্থা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, এই বাঁধে যখন ব্লক বসানো হয়, তখন নিচে ঠিকমতো ডাম্পিং (জড়ো করে পাথর ফেলা) দেওয়া হয়নি। স্রোতে এখন নিচের মাটি কেটে গিয়ে ওপর থেকে ব্লক নিচে নেমে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, তখন প্রতিবাদ করায় ঠিকাদারের লোকজন তাঁকেই উল্টো মামলায় জড়ানোর হুমকি দিয়েছিলেন। এই ভয়ে পরে তাঁরা আর মুখ খোলেননি। পাউবো এই কাজের ঠিকমতো তদারকও করেনি।এদিকে ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর থেকে পূর্ব দিকে আর ব্লক বসানো হয়নি। কয়েক মাস আগে ওই এলাকায় রাতারাতি ১৫টি বাড়ি পদ্মা নদীতে ভেঙে গেছে। স্থানীয় লোকজন বলেন, এই ভাঙনের শিকার হয়ে ওই এলাকার বাসিন্দা ওমর, আবুল, চান্দু, শরীফ, আমজাদ, মুনার, দিনার, ঝুমুর, আফসার, মাইনুল ও আইনুল বাস্তুহারা হয়ে গেছে। এবার সেখানে ভাঙন শুরু হলে ইউসুফপুর বিজিবি ক্যাম্প সবার আগে ভাঙবে।ইউসুফপুর কৃষি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল ইসলাম বলেন, কোনো তদারকি না থাকায় এত অল্প সময়ের মধ্যে কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত বাঁধটি ভেঙে গেল। তিনি বলেন, এ ছাড়া ভাঙনের কারণে ইউসুফপুর বিজিবি ক্যাম্পের জন্য নদী থেকে এক কিলোমিটার ভেতরে গ্রামের মধ্যে নতুন একটি জায়গা নির্বাচন করা হয়েছে। ক্যাম্প সরিয়ে নিলে বাঁধের দিকে আর কেউ নজর দেবে না। তিনি বলেন, স্থানীয় সাংসদের ডিও লেটারসহ এলাকাবাসী বাঁধটি ঠিক করার জন্য পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছেন কিন্তু বোর্ড বলছে, টাকা নেই।বিজিবির চারঘাট কোম্পানি কমান্ডার সুবেদার সোহরাব হোসেন বলেন, ক্যাম্প সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা চলছে বলে শুনেছেন তিনি।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, ভাঙনের বিষয়ে গত সপ্তাহে তাঁরা ঢাকায় একটা প্রতিবেদন পাঠিয়েছেন। তা ছাড়া এখন আপত্কালীন একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এলাকায় গিয়ে যে সুপারিশ করবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এখন পানি বাড়ছে। এখনকার চেয়ে পানি কমার সময়ে ভাঙনের আশঙ্কা বেশি।