রাজশাহীতে পরিবহন ধর্মঘট শুরু
শ্রমিকদের নিয়োগপত্র দেওয়াসহ আট দফা দাবিতে আজ বুধবার সকাল ছয়টা থেকে রাজশাহী বিভাগে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি এ ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটের কারণে নগর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। নগর অনেকটাই অচল ও স্থবির হয়ে আছে।অন্য দাবিগুলোর মধ্যে আছে বেতন-ভাতা বৃদ্ধি, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স নবায়ন, নতুন লাইসেন্স চালু, নগরের ভেতরে ও মহাসড়কে নসিমন-করিমন ও ভটভটি চলাচল বন্ধ, ট্রাক ও কাভার্ড ভ্যানে অতিরিক্ত পণ্যবোঝাই বন্ধ করা। কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের এই দাবিগুলো ইতিমধ্যে সরকার মেনে নিয়েছে। কিন্তু বাস্তবায়ন করছে না। বাস্তবায়নের জন্য এখন আন্দোলন করতে হচ্ছে। আনোয়ার পারভেজ আরও বলেন, গত সোমবার রাজশাহী বিভাগের ১৯টি ইউনিয়নের শ্রমিকনেতারা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বসলেও কোনো সমাধান না হওয়ায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিভাগের ১৯টি ইউনিয়নে একই সঙ্গে এ কর্মসূচি পালন করা হচ্ছে। কোনো সড়কে বাস, ট্রাক, মিনিবাস ও মাইক্রোবাস চলছে না। এর পরও দাবি বাস্তবায়ন করা না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।