রাজশাহীতে পুকুরে ডুবে তিন শিক্ষার্থীর করুণ মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের একটি পুকুরে নৌকা ডুবে তিন ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ আরও একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নগরের বড় বনগ্রামে এ ঘটনা ঘটে।পানিতে ডুবে যাঁরা মারা গেছেন, তাঁরা হলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ, নগরের বরেন্দ্র কলেজের ছাত্র আলী হায়দার ওরফে উল্লাস ও তানভীর আলম। তানভীর এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তাঁদের সবার বাড়ি নগরের ভেড়িপাড়া এলাকায়। গুরুতর অসুস্থ আলী শাহরুখের বাসা নগরের বেলদারপাড়ায়। সে নগরের শিরোইল স্কুলের নবম শ্রেণীর ছাত্র।চিকিৎসাধীন শাহরুখ জানায়, শহরের বড় বনগ্রাম এলাকায় তার সহপাঠী নিলয়দের একটি বাংলো রয়েছে। এ বছরের পড়াশোনা শুরুর আগে তারা বন্ধুরা মিলে একটা দিন আনন্দে কাটানোর জন্য ওই বাংলোয় বেড়ানোর সিদ্ধান্ত নেয়। এ উদ্দেশে নিলয়ের কলেজপড়ুয়া ভাই প্রত্যয়, তাদের মা-বাবা, প্রত্যয়ের বন্ধু উল্লাস, উল্লাসের ভাই উসান, তাদের ফুফাতো ভাই ফয়সাল ও ফয়সালের চাচাতো ভাই তানভীর গতকাল দুপুরের আগেই বাংলোয় পৌঁছায়।শাহরুখ জানায়, বাংলোর পাশে একটি পুকুর রয়েছে। সেখানে একটি নৌকা আছে। প্রত্যয়ের মা-বাবা বাংলোতেই ছিলেন। বাকি তারা আটজন নৌকায় করে ঘুরতে বের হয়। কিন্তু কিছুদূর যাওয়ার পরই নৌকায় পানি উঠতে থাকে। নৌকাটি পাড়ে নেওয়ার আগেই ডুবে যায়। এরপর কী ঘটেছে, সে আর মনে করতে পারে না।উল্লাসের চাচা রকিবুল ইসলাম বলেন, নৌকাটি ডুবে যাওয়ার পর প্রত্যয় ও নিলয় সাঁতরে পাড়ে উঠে আসে। উসান ও শাহরুখকে স্থানীয় লোকজন উদ্ধার করেন। এদের মধ্যে শাহরুখ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তিনি জানান, এ দলের মধ্যে উসান সবচেয়ে ছোট। সে নগরের পিটিআই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। কিন্তু সে ভালো আছে। তবে তানভীর, ফয়সাল ও উল্লাস সাঁতার জানতেন না। তাঁরা গভীর পানিতে তলিয়ে যান। মৃত অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় ওই পরিবারগুলোতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে মৃত শিক্ষার্থীদের জানাজা হওয়ার কথা রয়েছে। নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু এর আগেই স্থানীয় বাসিন্দারা লাশ উদ্ধার করেন। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হতে পারে বলে তিনি জানান।