রাজশাহীতে পুলিশ ও জামায়াত-শিবির সংঘর্ষ, আহত ৯
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন আজ বুধবার সকালে রাজশাহীর দুটি স্থানে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে নয়জন আহত হয়েছেন।অন্যদিকে, নগরের বিনোদপুর এলাকা থেকে নগর বিএনপির সহ-সভাপতি ও ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনসার আলীসহ ২২ জন নেতা-কর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাতটার দিকে নগরের রাজারহাতা এলাকায় হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করেন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। পুলিশ এতে বাধা দিলে শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল ছুড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন।সকাল নয়টার দিকে নগরের শেখপাড়া এলাকায় জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি নগরের সদর হাসপাতালের মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল ছোড়েন বিএনপির কর্মীরা। পুলিশ পাল্টা রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষে নাদিম মোস্তফাসহ চারজন বিএনপির নেতা-কর্মী আহত হয়েছেন। এর আগে সকাল সাড়ে ছয়টার দিকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে মহানগর বিএনপি। মিছিলটি নিয়ে তারা ভুবনমোহন পার্কের সামনে দলীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের ফাঁকা গুলির কারণে দলীয় কার্যালয়ে ঢুকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যান বিএনপি নেতা-কর্মীরা। মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলো ডটকমকে জানান, বিনোদপুর এলাকায় একটি মসজিদের সামনে দলবদ্ধ হয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ২২ জনকে আটক করা হয়েছে। হরতালে নগরে রিকশা, অটোরিকশা, সিএনজিচালিত হিউম্যান হলার চলাচল স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচলও। তবে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।