রাজশাহীতে পুলিশ-বস্তিবাসী সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের কোর্ট স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কেন্দ্র করে বস্তিবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। বিক্ষুব্ধ বস্তিবাসী পুলিশের একটি পিকআপ ভ্যান ও সিটি করপোরেশনের তিনটি গাড়ি ভাঙচুর করে। তারা রাস্তায় আগুন জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ বাইপাস সড়ক অবরোধ করে রাখে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।পুলিশ, রাজশাহী সিটি করপোরেশন ও এলাকাবাসী জানায়, গত রোববার থেকে নগরের বহরমপুর মোড় থেকে কোর্ট স্টেশন পর্যন্ত সিটি বাইপাস ও রেল লাইনের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে রাজশাহী সিটি করপোরেশন।আজ বেলা ১১টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট সাদেকুল ইসলামের নেতৃত্বে মহিষবাথান এলাকায় বাইপাস সড়ক ও রেল লাইনের মাঝের অবৈধ বস্তি উচ্ছেদ অভিযান শুরু করা হয়। দুপুর ১২টার দিকে বস্তিবাসী লাঠিসোঁটা, দা-কুড়াল নিয়ে উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায় এবং ম্যাজিস্ট্রেট সাদেকুল ইসলামকে ধাওয়া করে। এ সময় পুলিশের সঙ্গে বস্তিবাসীর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়।বস্তির লোকজন রাজপাড়া থানা-পুলিশের একটি পিকআপ ও বুলডোজারসহ রাজশাহী সিটি করপোরেশনের তিনটি গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে পুলিশ পিছু হটে। এ সময় বস্তিবাসী রাস্তায় আগুন জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ বাইপাস সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বস্তিবাসী রাবেয়া খাতুন বলেন, ‘চার-পাঁচ দিন আগে সিটি করপোরেশন থেকে মাইকিং করে উচ্ছেদের বিষয়টি জানিয়েছে। কিন্তু আমরা সিটি করপোরেশনের জমিতে নেই। তার পরও সিটি করপোরেশনের লোকজন আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলেছে। এতে আমরা গৃহহারা হয়ে পড়েছি। আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই।’রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বস্তির লোকজন তাদের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে তাদের ছয় পুলিশ সদস্য আহত হন। ইটপাটকেলে পুলিশের পিকআপের কাচ ভেঙে যায়। এ ঘটনার পর উচ্ছেদ অভিযান বন্ধ করে দেওয়া হয় হয়েছে বলে তিনি জানান।ম্যাজিস্ট্রেট সাদেকুল ইসলাম বলেন, র্যাব ও পর্যাপ্ত পুলিশ ছিল। বস্তিবাসীকে মোকাবিলা করা যেত কিন্তু অনাকাঙ্ক্ষিত হানাহানি এড়াতে আপাতত অভিযান স্থগিত করা হয়েছে। আগামী রোববার আবার প্রস্তুতি নিয়ে অভিযান চালানো হবে।