রাজশাহীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ১১
বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে ডাকা টানা তৃতীয় দিনের হরতালে আজ মঙ্গলবার সকাল থেকেই রাজশাহীতে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে টিয়ার শেল ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নগরের বিভিন্ন স্থান থেকে বিএনপির ১১ কর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে, আজ সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপির শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে বাধার সৃষ্টি করেছে পুলিশ। তিনি রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রোকনুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। মিনু রোকনুজ্জামানকে ‘ফেনসিডিল চোরাকারবারি’ হিসেবে অভিহিত করে আগামী সাত দিনের মধ্যে তাঁকে প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া তিন দিনের হরতালে আটক বিএনপির ১০৩ জন নেতা-কর্মীর মুক্তির দাবিও জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ সকাল ছয়টার দিকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের নেতৃত্বে কাদিরগঞ্জের সরকারি মহিলা কলেজের সামনে থেকে একটি মিছিল বের হয়। এতে পুলিশ বাধা দিলে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। হরতালকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।এদিকে, একই সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু পুলিশের বাধায় দলীয় কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। সেখানে পুলিশের সঙ্গে মহিলা দলের কর্মীদের ধস্তাধস্তি হয়। দলীয় কার্যালয়ে প্রবেশের সময় পুলিশ মহানগর মহিলা দলের আহ্বায়ক রওশন আরা পপিসহ তিন কর্মীকে আটক করে। অপরদিকে, নগরের বরেন্দ্র জাদুঘর মোড় এলাকায় পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা।হরতাল চলাকালে আজও গত দুই দিনের মতো নগরের বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় যান বাহনের চলাচল তেমন একটা দেখা যায়নি। তবে, গত দুই দিনের তুলনায় আজ রাজশাহী নগর জুড়ে র্যাব ও পুলিশের পাহারা আরও জোরদার করা হয়েছে।