রাজশাহীতে পুলিশ-হরতালকারী সংঘর্ষে মিনুসহ আহত ২০
রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় আজ রোববার সকালে পুলিশ ও হরতালকারীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রাজশাহীর সাবেক মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, সাংবাদিক, পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে চারজনকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে হরতালের সমর্থনে রাজশাহী সিটি কলেজের সামনে থেকে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাহেববাজার জিরো পয়েন্টে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের সংঘর্ষ হয়। পুলিশ তাদের লাঠিপেটা করে। অন্যদিকে হরতালকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে সংঘর্ষ বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়ে। সকাল সাতটার দিকে হরতালকারীরা পিছু হটে। নেতা-কর্মীদের একটি অংশ নগরের মালোপাড়ায় তাদের দলীয় কার্যালয়ে আটকা পড়ে। পুলিশের লাঠিপেটায় মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, সাধারণ সম্পাদক শফিকুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দক হোসেন, এনটিভির ক্যামেরাম্যান শরীফুজ্জামানসহ ১৭ জন আহত হন। অপর দিকে সংঘর্ষ চলাকালে হরতালকারীদের ইটের আঘাতে মোজাম্মেল হক ও রতন নামের দুই পুলিশ কনস্টেবল আহত হন। এর কিছুক্ষণ পরই নগরের লোকনাথ স্কুলের গলিতে হরতালকারীরা সাদা পোশাকে থাকা রাজশাহী নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) সদস্য আনিসুর রহমানের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। এতে তাঁর বাঁ হাতের কনুইয়ের কাছে কেটে যায়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার হুমায়ুন কবির বলেন, হরতালকারীরা সিটিএসবির ওয়াচার আনিসুর রহমানকে ছুরিকাঘাত করেছে। সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান। সকাল থেকে নগরের দোকানপাট বন্ধ রয়েছে। রাজশাহীর কোনো রুটে বাস চলাচল করেনি। নগরের বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।