রাজশাহীতে পুলিশ-হরতালকারীদের সংঘর্ষ, আহত ১০
বিএনপির ডাকা হরতাল চলাকালে আজ রোববার সকালে জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন আহত হয়েছে। অপর দিকে হরতাল সামনে রেখে আগের দিন সন্ধ্যায় পুলিশ নগরে বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাতটার দিকে রাজশাহী জেলা বিএনপি নগরের জাদুঘর এলাকা থেকে একটি মিছিল বের করে। মিছিলটি লক্ষ্মীপুরে গিয়ে সমাবেশে মিলিত হলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। প্রায় আধা ঘণ্টাব্যাপী বিক্ষিপ্ত এই সংঘর্ষে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফাসহ ১০ জন নেতা-কর্মী আহত হন।এদিকে বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর বিএনপি একটি মিছিল বের করার চেষ্টা করলে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল থেকেই নগরের রাস্তাঘাট ফাঁকা ও দোকানপাট বন্ধ রয়েছে। রাজশাহী টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।