রাজশাহীতে পুলিশকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে গুরুতর আহত হন মতিহার থানার কনস্টেবল শরীফুল ইসলাম। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে শরীফুলকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিত্সকেরা।পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, জামায়াত-শিবির এ হামলা চালিয়েছে। হামলাকারী সন্দেহে আজ সকাল পর্যন্ত পুলিশ ৩৭ জনকে আটক করেছে। এদিকে, সন্দেহভাজন হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযানের সময় মতিহার অঞ্চলের সহকারী কমিশনার আবুল হাসনাতকে স্থানীয়রা পিটিয়ে আহত করে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বাংলাদেশ বেতার রাজশাহীর সম্প্রচারকেন্দ্রে কনস্টেবল শরীফুল ইসলামের রাতের দায়িত্ব ছিল। রাত দুইটার দিকে দায়িত্ব পালনের উদ্দেশে ব্যারাক থেকে তিনি সেখানে যাচ্ছিলেন। এ সময় পথে শরীফুলের ওপর চার-পাঁচজন অস্ত্রধারী হামলা চালায়। তারা ছুরি দিয়ে শরীফুলের বাঁ পায়ের ঊরু চিরে ফেলে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এর পর আজ ভোর চারটার দিকে হামলাকারীদের গ্রেপ্তারে সহকারী কমিশনার আবুল হাসনাতের নেতৃত্বে ধরমপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে আবুল হাসনাতের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিত্সাধীন আহত সহকারী কমিশনার আবুল হাসনাত বলেন, আঘাতের কারণে তাঁর কথা বলতে কষ্ট হচ্ছে।রাজশাহীর মহানগর পুলিশ কমিশনার এস এম মনিরুজ্জামান বলেন, ‘হামলার ধরন দেখে মনে হচ্ছে জামায়াত-শিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। সহকর্মীকে অস্ত্র দিয়ে খালি হাতে ফেরার সময় পাশের জঙ্গলের ভেতর থেকে বের হয়ে দুর্বৃত্তরা এ হামলা চালায়।’ মতিহার থানার সহকারী উপপরিদর্শক চিত্তরঞ্জন বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।