রাজশাহীতে পুলিশের গাড়িতে ককটেল হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শহরের বিসিক এলাকায় আজ বৃহস্পতিবার সকালে হরতাল চলাকালে পুলিশের গাড়িতে ককটেল ছুড়েছেন শিবির-কর্মীরা। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ দুই শিবির-কর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে, শহরের বিনোদপুর এলাকায় মিছিলের প্রস্তুতিকালে ২৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রফিকুল ইসলামসহ চারজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নগরের বিসিক এলাকায় পুলিশের একটি গাড়ি টহল দিচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে দুই মোটরসাইকেল আরোহী পুলিশের ওই গাড়িতে একটি ককটেল ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ওই দুজনকে আটক করে। তাঁরা শিবির-কর্মী বলে জানিয়েছে পুলিশ।নগরের অলকার মোড় থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে মহানগর বিএনপি। বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে মিছিলটি বাটার মোড়ে পৌঁছালে পুলিশ এতে বাধা দেয়। পরে সেখানে একটি সমাবেশ করে নেতা-কর্মীরা স্থান ত্যাগ করেন। হরতালের দ্বিতীয় দিন নগরে অন্যান্য দিনের মতো রিকশা, অটোরিকশা, হিউম্যান হলার চলাচল করছে। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে র‌্যাব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।