রাজশাহীতে পুলিশের বাধায় মিছিল ছত্রভঙ্গ, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে আজ বুধবার শহরে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল বের করার চেষ্টা করে। তবে পুলিশের বাধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ জামায়াতের এক নেতাকে আটক করে। পুঠিয়ায় বিএনপির কর্মীরা একটি ট্রাক ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাতটার দিকে রাজশাহী মহানগর বিএনপির পক্ষে একটি মিছিল শহরের শাহ মখদুম কলেজের কাছাকাছি এলে পুলিশ বাধা দেয়। নগরের সাগরপাড়া মসজিদের কাছে মিছিলটি আবার সংগঠিত হওয়ার চেষ্টা করলে সেখানেও পুলিশ বাধা দেয়। কিছুক্ষণ পরে নগরের লক্ষ্মীপুর এলাকায় ছাত্রশিবিরের রাজশাহী মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে একটি মিছিল পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়। এর আগে সকালে নগরের রাজপাড়া থানা জামায়াতের আমির আবদুল মালেককে পুলিশ আটক করে। এ ছাড়া জেলার পুঠিয়া উপজেলার পশ্চিমভাগ এলাকায় বিএনপির কর্মীরা একটি ট্রাক ভাঙচুর করে। পরে পুঠিয়া থানার পুলিশ ট্রাকটি উদ্ধার করে।