রাজশাহীতে পুলিশের বিরুদ্ধে টাকা লুটের অভিযোগ
রাজশাহীতে এক চিকিৎসকের বাড়িতে গিয়ে তাঁকে সপরিবারে জিম্মি করে এক লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। এ অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দুই উপপরিদর্শক (এসআই) ও পাঁচ কনস্টেবলকে গতকাল বুধবার গভীর রাতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আরএমপির সদর সহকারী কমিশনার (এসি) তৌফিকুল ইসলামকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁকে বরখাস্তের জন্য পুলিশ সদর দপ্তরের কাছে সুপারিশ করা হয়েছে।বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন রাজপাড়া থানার এসআই মাসুদ রানা ও মতিউর রহমান, কনস্টেবল আতিকুর রহমান, গোলাম মোস্তফা, আখতার হোসেন, ইসলাম হোসেন ও সবুজ। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় তল্লাশির নামে আরএমপির সহকারী কমিশনার (সদর) তৌফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নগরের ঝাউতলা মিঠুর মোড় এলাকায় চিকিৎসক এ আর বসুনিয়ার বাড়িতে যায়। তাঁর বাড়িতে অবৈধ রসুন মজুদ রয়েছে বলে তারা অভিযোগ করে। বসুনিয়ার শ্যালক মাসুদুর রহমান সিদ্দিকী গতকাল প্রথম আলোকে বলেন, সে সময় ওই বাসায় তাঁর ভগ্নিপতি এ আর বসুনিয়া, তাঁর বোন চিকিৎসক ফাতেমা জাহানারা, ভাগনি মারিয়া রফিক ছিলেন। পুলিশ বাসায় ঢুকে কাউকে নড়াচড়া করতে দেয়নি। মুঠোফোনে কথাও বলতে দেয়নি। এমনকি বাইরের ফোন ধরতেও দেয়নি। তিনি বলেন, পুলিশের চাপের মুখে তাঁর বোন মার্কেন্টাইল ব্যাংকের রংপুর শাখায় তাঁর ভাই রুহুল আমিন সিদ্দিকীকে ফোন করে কোনো ব্যাখ্যা না দিয়ে তাঁরা বিপদে আছে, এটুকু বলে ৬০ হাজার টাকার জোগাড় করে দিতে বলেন। রুহুল আমিন মার্কেন্টাইল ব্যাংকের রাজশাহী শাখায় ফোন করে তাঁর সাবেক সহকর্মী অসীম কুমার দাসকে টাকার জোগাড় করে দিতে বলেন। এরপর এসআই মাসুদ রানা ফাহিমকে তাঁর মোটরসাইকেলে তুলে নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের সাহেব বাজার শাখায় আসেন। এখানে অসীম কুমার দাস তাঁকে ৬০ হাজার টাকা দেন। আর এটিএম বুথ থেকে ৩০ হাজার টাকা তুলে নেন।ফাহিম বাইরে থেকে টাকা নিয়ে এসে তাঁদের হাতে তুলে দেন। তাঁরা যাওয়ার সময় এ মর্মে একটা সাদা কাগজে তাঁর বোনের স্বাক্ষর নেয় যে তাঁরা পুলিশের ওই সোর্সের কাছে ২০ হাজার টাকার রসুন বিক্রি করেছেন। পরে এ কাগজ দেখিয়ে পুলিশের সোর্স যাতে বাসা থেকে রসুনগুলো নিয়ে যেতে পারে।মাসুদ বলেন, পুলিশ চলে যাওয়ার পরে রাত সোয়া আটটার দিকে তাঁর বোন তাঁকে ফোন করে ঘটনার কথা জানান। তিনি তখন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে কর্মরত তাঁর এক বন্ধুকে জানান। তাঁর কাছ থেকে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারেন। খবর পেয়ে রাতেই অভিযুক্ত পুলিশ সদস্যদের আরএমপি সদর দপ্তরে ডেকে আনা হয়। তাঁদের আরএমপির উপকমিশনার (সদর) মোর্শেদুল আনোয়ার খানের কার্যালয়ে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ওই কার্যালয় থেকে বের হয়ে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের দেখে অভিযুক্ত সহকারী কমিশনার তৌফিকুল ইসলাম, এসআই মতিউর রহমান ও মাসুদ রানা দৌড়ে কার্যালয়ের পেছনের জঙ্গলের দিকে পালিয়ে যান। এ সময় সাংবাদিকদের ক্যামেরায় মতিউর রহমানের চেহারা ধরা পড়ে। বিষয়টি বুঝতে পেরে এসআই মতিউর রহমান সাংবাদিকদের ফোন করে কথা বলতে চান। রাত দুইটার দিকে উপকমিশনার (সদর) মোর্শেদুল আনোয়ার খান সাংবাদিকদের বলেন, পুলিশ সদস্যদের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়া গেছে। ফলে সাময়িকভাবে তাঁদের বরাখাস্ত করা হয়েছে। আর তৌফিকুল ইসলামকে আরএমপির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে বরখাস্ত করার জন্য পুলিশ সদর দপ্তরে সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, রাতে উড়ো ফোনে খবর পাওয়ার পর তিনি রাতের ও দিনের পেট্রল সদস্যদের একে একে তাঁর কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের বের করেন। তিনি বলেন, তাঁদের কথাবার্তায় অমিল দেখে তাঁর সন্দেহ হয়। তিনি বলেন, ওই চিকিৎসক আজ বেলা একটা পর্যন্ত কোনো অভিযোগ দাখিল করেননি। তিনি বলেন, এ ছাড়া তাঁদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঠিক করা হবে তাঁদের কার কী শাস্তি দেওয়া যায়। তবে তাঁদের অবশ্যই শাস্তি হবে।