রাজশাহীতে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন আজ মঙ্গলবার সকালে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে রাজশাহী মহানগর ছাত্রদল রাজারহাতা এলাকায় একটি মিছিল বের করে। মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় ছাত্রদলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। কিছুক্ষণ ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। তবে কোনো পক্ষের আহত হওয়ার খবর পাওয়া যায়নি।এর আগে সকাল সাড়ে ছয়টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে নগর বিএনপি। মিছিলটি মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে এলে বাধা দেয় পুলিশ। তবে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশি বাধায় সংক্ষিপ্ত পথসভা করে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।সকাল থেকে নগরে সব ধরনের হালকা যানবাহন চলাচল করছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। শহরে প্রচুর পরিমাণে পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রয়েছেন।