রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ৩২ জন আহত হয়েছেন। উপজেলার সিঅ্যান্ডবি কসাইপাড়ায় আজ রোববার সকালে এবং একই উপজেলার হলের মোড় এলাকায় গতকাল শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন আজিজুল হক (৫২), বাবু (৩২) ও একজন মানসিক প্রতিবন্ধী। তাঁর পরিচয় পাওয়া যায়নি।পুলিশ জানায়, সকাল ছয়টার দিকে উপজেলার সিঅ্যান্ডবি কসাইপাড়া নামক এলাকায় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস একজন পথচারীকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী ও বাসযাত্রী বাবু মারা যান। আহত হন অন্তত ৩২ জন। তাঁদের মধ্যে নয়জনকে গুরুতর অবস্থায় গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে এবং একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।এর আগে গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার হলের মোড় এলাকায় বাস চাপায় অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি (৩৬) নিহত হয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় দুটি মামলা হয়েছে।