রাজশাহীতে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহানগর পুলিশ কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাঁদের পদত্যাগ দাবি করেছে। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল বুধবার নির্বাচন কমিশনার জাবেদ আলী মেয়র প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন, সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, নাগরিক কমিটির প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামানের প্রতিনিধি নওশের আলী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজহার আলী, সচিব কে এম আবদুস সালাম প্রমুখ। সভায় জাবেদ আলী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, ‘আপনারা একজন আরেকজনের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না।’সভায় মিজানুর রহমান পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান ও রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারের অপসারণ দাবি করেন। তিনি বলেন, মহানগর পুলিশ কমিশনার ক্ষমতার অপব্যবহার করছেন। জবাবে জাবেদ আলী বলেন, ‘ঢালাওভাবে কথা না বলে সুনির্দিষ্ট অভিযোগ করবেন।’