রাজশাহীতে বই ব্যবসায় নেমেছে শিক্ষক সমিতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সব বই সরবরাহ করলেও বাংলাদেশ শিক্ষক সমিতির রাজশাহী শাখা বাড়তি কয়েকটি বই নিতে বাধ্য করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর পেছনে রয়েছে প্রায় ৪০ লাখ টাকার ব্যবসা। সমিতি থেকে বিদ্যালয়গুলোয় বইয়ের তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ শিক্ষক সমিতির রাজশাহী শাখার অধীনে চার শতাধিক মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের বলা হচ্ছে, সরকার যে বই দিয়েছে তাতে ব্যাকরণের অংশটি পুরোপুরি নেই। সুতরাং সমিতির বই তাদের কিনতে হবে। তাছাড়াও ওই বই থেকেই প্রশ্ন করা হবে। সমিতির একটি সূত্র জানায়, এবার তাদের বিদ্যালয়ে বই বিক্রির বিনিময়ে প্রকাশকেরা সমিতিকে প্রায় ৪০ লাখ টাকা দেবে।তবে সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি জহির উদ্দিন আহাম্মেদ বলেন, ‘এবার অত ব্যবসা হবে না। এখন তারা সম্মান করে যা দেয়।’ তিনি আরও বলেন, সরকার বই দিয়েছে, পাশাপাশি আরও মান ভালো করার জন্য বই দিচ্ছে। এসব বই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এনসিটিবি বিশেষজ্ঞদের দিয়ে যাচাই-বাছাই করা হয়েছে।প্রকাশকদের তালিকা অনুযায়ী নবম শ্রেণীর শিক্ষার্থীকে সরকারি বইয়ের বাইরে সমিতির তালিকাভুক্ত প্রায় এক হাজার টাকার বই কিনতে হবে। নবম শ্রেণীর উচ্চতর বাংলা ব্যাকরণ ও ইংরেজি ব্যাকরণ বই দুটির দাম রাখা হয়েছে ৩১৫ টাকা করে। এর সঙ্গে আরও দুটি নৈর্ব্যক্তিক গাইড দেওয়া হয়েছে, তবে সেগুলোর কোনো মূল্য তালিকা দেওয়া হয়নি। অষ্টম শ্রেণীতে দেওয়া হয়েছে মাতৃভাষার বাংলা ব্যাকরণ ও রচনাশৈলী। এর দাম রাখা হয়েছে ২২০ টাকা। সেই সঙ্গে যে ইংরেজি ব্যাকরণ দেওয়া হয়েছে তার সঙ্গে আবার সমাধান কেনার প্রয়োজন পড়বে। সমাধানসহ ইংরেজি ব্যাকরণের দাম পড়বে ৩৩০ টাকা। ব্যাকরণ বই ছাড়াও সমিতির বইয়ের তালিকায় সাধারণ জ্ঞান-স্বদেশ ও বিশ্বের ডায়েরি নামের আরেকটি বই সুপারিশ করা হয়েছে। ১৭১ পৃষ্ঠার এই বইটির দাম রাখা হয়েছে ১২০ টাকা। সপ্তম শ্রেণীতে ‘সৃজন বাংলা ব্যাকরণ ও রচনা’ নামের বাংলা ব্যাকরণ দেওয়া হয়েছে। বইটির দাম ২৪৫ টাকা। ইংরেজি ব্যাকরণের সঙ্গে আবার সমাধানও কিনতে হবে। সমাধানসহ বইটির দাম পড়বে ২৬৫ টাকা। ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণের নাম রূপান্তর আমার বাংলা ব্যাকরণ ও রচনা। এর মূল্য রাখা হয়েছে ১৭০ টাকা। এই শ্রেণীর ইংরেজি ব্যাকরণের সঙ্গেও সমাধান কিনতে হবে। সমাধানসহ দাম পড়বে ২৩৮ টাকা। এই শ্রেণীতে সাধারণ জ্ঞান: বাংলাদেশ ও আধুনিক বিশ্ব নামের একটি বাড়তি বই দেওয়া হয়েছে। এটির দাম রাখা হয়েছে ৬৬ টাকা।অনেক অভিভাবক বিদ্যালয় থেকে বইয়ের তালিকা পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বাঘা উপজেলার নওটিকা গ্রামের অভিভাবক শফিকুল ইসলাম বলেন, সরকারি বই পেয়ে এবার তারা নিশ্চিন্ত হয়েছিলেন যে শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই আসছে। শিক্ষক সমিতির বইয়ের তালিকা দেখে মনে হচ্ছে, অভিভাবকেরা যেমন বিপাকে পড়বেন, তেমনি সরকারের ভাবমূর্তিও নষ্ট হবে। বাঘার দীঘা গ্রামের এনামুল হক বলেন, সরকার বলছে, বই কিনতে হবে না। আর শিক্ষকেরা বলছেন, কিনতে হবে। এ বিষয়ে তদন্ত করে সরকারের ব্যবস্থা নেওয়া দরকার।জেলা শিক্ষা কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস বলেন, সরকারিভাবে দেওয়া বইয়ের সঙ্গেই ব্যাকরণের অংশ রয়েছে। শিক্ষকেরা একটি রেফারেন্স বই কিনলেই শিক্ষার্থীদের আর বই কিনতে হবে না। তিনি আরও বলেন, শিক্ষকেরা পরিশ্রম করতে চান না। এসব বই না কেনার জন্য প্রচারণা চালানো হচ্ছে।