রাজশাহীতে বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে গতকাল বুধবার থেকে ১০ দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় জাতীয় গ্রন্থকেন্দ্র এ মেলার আয়োজন করেছে।বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। স্বাগত বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি রফিক আজাদ। শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্বপন কুমার রায়, রাজশাহী জেলা প্রশাসক আবদুল হান্নান ও রাজশাহী লেখক পরিষদের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, রাজশাহীতে দীর্ঘ ৩৬ বছর পর বিভাগীয় পর্যায়ে আবার বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বাংলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, কথাপ্রকাশসহ দেশের খ্যাতনামা ৭০টি প্রকাশনী অংশ নিচ্ছে। এর মধ্যে রাজশাহীর প্রকাশনীর সংখ্যা চারটি। বইমেলা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মেলা প্রাঙ্গণে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সভা, সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।