রাজশাহীতে বর্ষবরণে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজ বৃহস্পতিবার বাংলা নববর্ষ বরণে নানা কর্মসূচির আয়োজন করেছে। মুক্তিযুদ্ধ পাঠাগার ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সূর্যোদয়ের কিছুক্ষণ আগেই রাজশাহী নগরে পদ্মার ধারের বটতলায় বর্ষবরণের রবীন্দ্রসংগীতানুষ্ঠানের আয়োজন করে। সকাল সাড়ে সাতটায় সাংস্কৃতিক জোট নগরে মঙ্গল শোভাযাত্রা বের করে। সকাল ১০টায় রাজশাহী কলেজ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।রাজশাহী সাংস্কৃতিক সংঘ সকালে পদ্মা মঞ্চে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পান্তা-পার্বণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাজশাহী মহানগর আওয়ামী লীগ বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এ ছাড়া জেলার সব উপজেলা সদরে বর্ষবরণ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা জুড়ে শতাধিক বৈশাখী মেলারও আয়োজন করা হয়েছে। বিকেলে নগরের ভুবন মোহন পার্কে শিল্পাশ্রম, সংগীতা, সংগীত শিক্ষা ভবন, হিন্দোল সাংস্কৃতিক গোষ্ঠী, শ্রী সংগীত নিকেতন, গীত ও রং একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া সুন্দরম, শিল্পলোক একাডেমী ও আবৃত্তি কেন্দ্র, রাজশাহীর উদ্যোগে আবৃত্তি এবং স্পন্দন ও ঝংকার নৃত্য গোষ্ঠীর উদ্যোগে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন নগরে সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে।